নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডে একজন নিহত হয়েছেন। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সোমবার (২৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ওই কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম আগুনে একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর ১২টা ২৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে দুপুর ১২টা ৩২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের ইউনিট।
ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হলেও পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


