আন্তর্জাতিক ডেস্ক
ইরানে পুনরায় বিমান হামলা চালানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এমন সময়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু টেলিফোনে কথা বলেছেন।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানানো হয়, শনিবার সকালে তারা টেলিফোনে কথা বলেন। পরে পাম বিচে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প নিজেই জানান, যুক্তরাষ্ট্র ইরানে আরও দুটির মতো লক্ষ্যবস্তু ধ্বংস করতে চায়।
তিনি বলেন, ‘আমাদের এখনো অন্তত দুটি জায়গায় আঘাত হানতে হবে, তবে কাজটি করতে ১০ মিনিটের বেশি সময় লাগবে না। সম্ভবত আপনারা পিক্স্যাক্স পর্বতের কথা জেনে থাকবেন, ওখানকার সমস্যাটি আমাদের মেটাতে হবে।
’
পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যানুযায়ী, পিক্স্যাক্স পর্বতটি সম্ভবত পারমাণবিক অস্ত্র বা কাঁচামাল সংরক্ষণের কাজে ব্যবহার করছে ইরান। চলমান যুদ্ধে এখন পর্যন্ত স্থানটিতে কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের সঙ্গে আলোচনা ‘ঠিকঠাক এগিয়ে চলেছে’। তবে এই দেশটিকে তিনি ‘খুব একটা নির্ভরযোগ্য নয়’ বলেও মন্তব্য করেন।
চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর যেন নতুন করে রক্তক্ষয়ী সংঘাত ছড়িয়ে না পড়ে, সেজন্য আন্তর্জাতিক কূটনীতিকরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতির মধ্যেই শনিবার দোহার মধ্যস্থতাকারীদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন ইরানি প্রতিনিধিরা। উপসাগরীয় অঞ্চলের এই যুদ্ধ বন্ধের উপায় খুঁজতেই তারা আলোচনা করছেন বলে রয়টার্সকে নিশ্চিত করেছে একটি সূত্র।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রের মতে, দোহার এই বৈঠকের আগে শুক্রবার তেরানেও ইরানি ও কাতারি প্রতিনিধিদের মধ্যে টানা ১২ ঘণ্টারও বেশি সময় আলোচনা হয়। এই পুরো প্রক্রিয়াই ওয়াশিংটনের সঙ্গে সার্বিক সমন্বয় রেখে চালানো হচ্ছে বলে জানান তিনি।


