অন্তর্বর্তী চুক্তিতে স্বাক্ষর করতে পারেন মার্কিন ও ইরানি প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধের ইতি টানতে অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সই করতে পারেন।

ইরানের আধা-সরকারি তাসনিম বার্তা সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।

তিনি বলেন, ‘এই প্রস্তাবটি দেওয়া হয়েছে এবং এটি এখনো বিবেচনাধীন।’

ইসমাইল বাঘাই আরও জানান, শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে ইরানের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসেনি।

ইরান থেকে এই তথ্য এমন এক সময় এলো, যখন ট্রাম্প ফ্রান্সে জি-৭ সম্মেলনের সংবাদ সম্মেলনে বলেছেন, সুইজারল্যান্ডে হতে যাওয়া অন্তর্বর্তী চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি ‘হয়তো’ উপস্থিত থাকতে পারেন।

সংবাদ সম্মেলন শেষ হওয়ার ঠিক আগে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হয়, শুক্রবার স্বাক্ষর অনুষ্ঠানের জন্য তিনি সেখানে থাকবেন কি না। জবাবে তিনি বলেন, ‘হয়তো’। এরপর রসিকতা করে বলেন, যদি চুক্তিটি ভেস্তে যায়, তাহলে তিনি এর দায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের ওপর চাপাতে পারবেন।

এর আগে তেহরান জানিয়েছিল, অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের পক্ষে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ প্রতিনিধিত্ব করবেন।

সূত্র: আল-জাজিরা ও বিবিসি

পূর্ববর্তী নিবন্ধগত ১২ বছর তাদের কোথাও দেখিনি: জামায়াতকে প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬০তম পর্ষদ সভা অনুষ্ঠিত