৬৪ জেলায় ৪ কোটি ৬০ লাখ টাকা ও ৮ হাজার ৯৫০ টন চাল বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক

বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় গত ৭ জুলাই থেকে ধারাবাহিকভাবে দেশের ৬৪ জেলার জন্য নগদ অর্থ ও চাল বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এ সময়ে মোট ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ মেট্রিক টন চাল মানবিক সহায়তা হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে।

রোববার (১২ জুলাই) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

তথ্যবিবরণীতে বলা হয়, প্রথম ধাপে চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, শেরপুর ও কুড়িগ্রাম জেলায় মোট ৬০ লাখ টাকা এবং ১ হাজার ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।

একই সঙ্গে দেশের বাকি ৫৭ জেলার প্রতিটির জন্য ৫ লাখ টাকা এবং ১০০ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়।
পরবর্তীতে ৯ জুলাই চট্টগ্রাম জেলার জন্য অতিরিক্ত ২৫ লাখ টাকা ও ৩০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।

একই দিনে কক্সবাজারের জন্য ২০ লাখ টাকা ও ২৫০ মেট্রিক টন চাল এবং খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান জেলার প্রতিটির জন্য ১০ লাখ টাকা ও ২০০ মেট্রিক টন করে চাল বরাদ্দ দেওয়া হয়। এছাড়া মৌলভীবাজার জেলার জন্য ৫ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়।
১০ জুলাই চট্টগ্রাম জেলার জন্য আরও ৫ লাখ টাকা এবং ২০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়, যাতে জেলার চলমান ত্রাণ কার্যক্রম আরও জোরদার করা যায়।

সবশেষে ১২ জুলাই চট্টগ্রাম ও রাঙামাটি জেলার জন্য নতুন করে অতিরিক্ত বরাদ্দ ঘোষণা করা হয়। এর মধ্যে চট্টগ্রামের জন্য ২৫ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল এবং রাঙামাটির জন্য ৫ লাখ টাকা ও ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জরুরি খাদ্যসহায়তা নিশ্চিত করতে প্রয়োজন অনুযায়ী মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় ২০০৯ সালের পর সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড
পরবর্তী নিবন্ধশেখ হাসিনা ফিরলে তাকে জেলে যেতে হবে: চিফ প্রসিকিউটর