আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে সংঘাতের তীব্রতা বাড়ার শঙ্কার মধ্যেই যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে তুরস্ক ও কাতার। শুক্রবার (১৩ নভেম্বর) ইস্তাম্বুলে তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোয়ান ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির মধ্যে এক বৈঠকের পর এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হয়।
এরদোয়ানের কার্যালয় থেকে এক্সে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট এরদোয়ান জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলে পুনরায় যুদ্ধ মাথাচাড়া দেওয়া রোধ, সংলাপের ভিত্তি তৈরি ও শান্তি অর্জনে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব।
এরদোয়ানের কার্যালয় জানায়, এ চুক্তি ‘তুরস্ক ও কাতারের সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করবে।
’ অন্যদিকে কাতারি আমির এ চুক্তিকে একটি ‘কৌশলগত অংশীদারত্ব’ বলে উল্লেখ করেছেন।
এক্সে দেওয়া এক পোস্টে শেখ তামিম লিখেছেন, প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে আলোচনার সময় তিনি ‘ইতোমধ্যে যা অর্জিত হয়েছে তার ওপর ভিত্তি করে কাজ এগিয়ে নেওয়ার উপায় এবং আগামী দিনে যৌথ পদক্ষেপের জন্য অগ্রাধিকারগুলো চিহ্নিত করার বিষয়ে আলোচনা করেছেন।
’
কাতার আমিরের কার্যালয় আমিরি দিওয়ানের এক বিবৃতিতে বলা হয়েছে, দুই সরকারের পক্ষ থেকে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্যে ‘শান্তি, সমঝোতা ও দ্বন্দ্ব নিরসনের ক্ষেত্রে সহযোগিতা’ বিষয়ক একটি সমঝোতা স্মারকও রয়েছে।
এ নিয়ে নিরাপত্তা বিশ্লেষক ইউসুফ আলাবার্দা বলেন, ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এ অঞ্চলের দেশগুলো ‘যুদ্ধের প্রভাব অনুভব করছে এবং কেউ নিরাপদ বোধ করছে না।’
আলাবার্দা বলেন, সব উপসাগরীয় দেশ, বিশেষ করে কাতার বুঝতে পেরেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া তাদের নিরাপত্তা নিশ্চয়তাগুলো সঠিকভাবে কাজ করছে না। কাতারে অবস্থানরত তুর্কি সেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমি বলতে পারি, অদূর ভবিষ্যতে কাতারের নিরাপত্তা নিশ্চিত করতে সেখানে তুর্কি অস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হতে পারে, যা তুরস্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ চুক্তি এ ধরনের সামরিক চুক্তিগুলোকে এগিয়ে নিতে সাহায্য করবে।
আঞ্চলিক প্রতিরক্ষা
গত আগস্ট মাসে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরব একটি আঞ্চলিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। এ চুক্তির আওতায় দেশগুলোর কোনো একটি আক্রান্ত হলে বাকি দেশগুলো সহায়তায় এগিয়ে আসবে।
গত সপ্তাহে তুর্কি পার্লামেন্টে অনুমোদিত এ চুক্তিটি ন্যাটোর সদস্য তুরস্ককে (যার সামরিক বাহিনী জোটের দ্বিতীয় বৃহত্তম) মুসলিম বিশ্বের একমাত্র পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তানের সঙ্গে যুক্ত করেছে।
তুরস্ক জানিয়েছে, এ চুক্তি অন্য কোনো দেশের বিরুদ্ধে নয় এবং মিসরসহ অন্যান্য দেশের জন্যও এটি উন্মুক্ত রয়েছে।
গত অক্টোবরে কাতার, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও তুরস্ক দোহায় প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ক একটি বহুপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
‘বদর’ নামে পরিচিত এ চুক্তির লক্ষ্য হলো অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা।
সূত্র: আল জাজিরা


