পরমাণু ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে অভিযোগ এনে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই যুদ্ধ টানা ৪০ দিন চলে। এরপর ৮ এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও হরমুজ প্রণালিতে নতুন করে সংকট দেখা দেয়।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান প্রত্যাশিত ফল না দেওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর আস্থা হারিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ট্রাম্পের এই ব্যর্থতায় ওয়াশিংটন ও রিয়াদের মধ্যে কূটনৈতিক টানাপড়েনও তৈরি হয়েছে বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ চলাকালে ট্রাম্প প্রশাসন ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি সামরিক অভিযান শুরু করেছিল। হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে যুক্তরাষ্ট্রের এই সামরিক অভিযান নিয়ে আপত্তি তোলে সৌদি আরব।
মোহাম্মদ বিন সালমানের আপত্তির মুখে অভিযান শুরুর ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে তা বন্ধ হয়ে যায়।অভিযানের প্রথম দিনেই সৌদি কর্তৃপক্ষ জানিয়ে দেয়, যুক্তরাষ্ট্র তাদের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। কারণ এ ধরনের পদক্ষেপ নতুন করে যুদ্ধের ঝুঁকি বাড়াতে পারে বলে আশঙ্কা করেছিল রিয়াদ।


