নিজস্ব প্রতিবেদক
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন পেতে পে-ফিক্সেশন করতে হবে। এরপর নতুন কাঠামোয় বেতন পাবেন তারা।
এজন্য প্রস্তুতি শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।
শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরও পে-ফিক্সেশন করতে হবে।
নতুন বেতন কাঠামোতে নিয়ে আসার আগে তাদের পে-ফিক্সেশনের সময় দেওয়া হবে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এমপিওভুক্ত শিক্ষকদের নতুন কাঠামোয় বেতন স্কেলে দিতে আদেশ জারির অনুরোধ করে অর্থ বিভাগে চিঠি পাঠায়।
গত ৯ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অর্থ বিভাগের সচিবের কাছে পাঠানো চিঠিতে বলা হয়, বর্তমানে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত সকল এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারী জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। ইতোমধ্যে জাতীয় বেতন স্কেল ২০২৬ ঘোষণা করা হলেও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে-স্কেল প্রদান সংক্রান্ত আদেশ জারি করা হয়নি।
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে জাতীয় বেতন স্কেল ২০২৬ প্রদানের বিষয়ে আদেশ জারি করা প্রয়োজন।
চিঠিতে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদেরকে জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী বেতন-ভাতা প্রদান সংক্রান্ত আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়।


