নিজস্ব প্রতিবেদক
ফ্যসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আপস করা হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে, তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো।
শনিবার (১৪ নভেম্বর) ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল ১০টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সম্মেলনের কার্যক্রম শুরু হয়।
কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি ও সহাকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের সভাপতিত্বে বিশেষ অতথির বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মুয়ায্যম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি জসিম উদ্দিন সরকার।
ডা. শফিকুর রহমান বলেন, এ জাতি বার বার অপশক্তির দ্বারা নির্যাতিত হয়েছে। প্রতিবারই অপশক্তিকে পরাজিত করে ঘুরে দাঁড়িয়েছে। ৩৬ জুলাই ঘটিয়েছে। ১৪০০ যুবক-যুবতীর রক্তের বিনিময়ে আমরা এটি পেয়েছি। আন্দোলনকারীরা পুরো রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন চেয়েছিল। তারা সব ক্ষেত্রে ন্যায়বিচার চেয়েছিল। মানুষের মৌলিক অধিকার ও ন্যায্যতার ভিত্তিতে রাষ্ট্র নাগরিকদের সঙ্গে আচরণ করবে- তারা সেটি চেয়েছিল।
তিনি বলেন, বিপ্লবীদের আকাঙক্ষাকে ধারণ করে চব্বিশের ৫ আগস্টের রক্তকে সম্মান জানিয়ে জাতীয় ঐকমত্য পরিষদ হয়েছিল। ৩৩টি রাজনৈতিক দল অংশ নিয়েছে। সেখানে জুলাই চার্টার রচিত হয়। ঐকমত্যের ভিত্তিতে দুটি নির্বাচন হবে। একটি সরকার গঠন আরেকটি রাষ্ট্রের সংস্কার বা পরিগঠন। নির্বাচিত হওয়ার পর বর্তমান সরকারি দল একটি মানলেন, আরেকটি মানলেন না। সংকটটি তারাই তৈরি করলো। আমরা বলেছি, আমরা এ প্রতারণা মানবো না, জাতি মানবে না। বিএনপির দেওয়া ওয়াদা পূরণ করতেই হবে। আমরা জনগণের এ দাবি আদায় করে ছাড়বো। আমরা এ দাবি পরিত্যক্ত হতে দেবো না। সরকার এ দাবিকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধন সংশোধন চিৎকার করে যাচ্ছে।
তিনি আরও বলেন, সংবিধান সংশোধনের জন্য গণভোট হয়নি, ৭০ ভাগ মানুষ রায় দেয়নি। বিএনপি গণতান্ত্রিক দল হয়ে থাকলে গণভোটের রায় উপেক্ষা করতে পারে না। কার্যত বিএনপি জনগণকে অপমান করছে। নির্বাচনি ব্যবস্থার ওপরে কুঠারাঘাত করছে। মানুষের আস্থার ভিত ধ্বংস করে দিচ্ছে সরকার। যে জনগণ রক্ত দিয়ে ফ্যাসিবাদ তাড়িয়েছে তারা নতুন কোনো ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না। আমরা এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো। ফ্যসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে কারও সঙ্গে আমরা আপস করবো না।
জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদ একটি ভাইরাস, যার মধ্যে এটির লক্ষণ দেখা যায় তাকেই ফ্যাসিবাদ বলা যাবে। বর্তমান সরকারের মধ্যে এর প্রচুর লক্ষণ দেখা যাচ্ছে। আমরা সাত দফা দাবি নিয়ে রাস্তায় নেমেছি। আমরা দেশের জনগণের ভালোবাসায় অভিভূত। বিভাগীয় পর্যায়ে আমাদের সমাবেশ ও লংমার্চ হয়েছে। এসব কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের দাবিগুলো কোনো দলের নয়, আপামর জনতার। দাবিগুলো জনগণের ভোটাধিকার, চিকিৎসা ও স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার আদায়ের।


