মে মাসে ক্রেডিট কার্ডে লেনদেন ৪২৮৮ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক

দেশে ক্রেডিট কার্ডের ব্যবহার ধারাবাহিকভাবে বাড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে মাসে ক্রেডিট কার্ডে মোট লেনদেন হয়েছে ৪ হাজার ২৮৮ কোটি টাকা, যা আগের মাস এপ্রিলের ৩ হাজার ৮৬৮ কোটি টাকার তুলনায় ১০ দশমিক ৮৫ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, বছরভিত্তিক হিসাবেও ক্রেডিট কার্ডে ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালের মে মাসে দেশের অভ্যন্তরে ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছিল ৩ হাজার ২২০ কোটি টাকা। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ব্যয় বেড়েছে ৩৩ দশমিক ১৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণ অনুযায়ী, উচ্চ মূল্যস্ফীতির মধ্যেও ভোক্তাদের খুচরা কেনাকাটা অব্যাহত থাকায় এ প্রবৃদ্ধি হয়েছে। বিশেষ করে ডিপার্টমেন্টাল স্টোরে সবচেয়ে বেশি কার্ড ব্যবহার হয়েছে। মে মাসে দেশের মোট ক্রেডিট কার্ড লেনদেনের প্রায় অর্ধেকই হয়েছে এ খাতে।

প্রতিবেদনে বলা হয়েছে, মূল্যস্ফীতির কারণে প্রয়োজনীয় পণ্য কেনার ব্যয় বৃদ্ধি, ব্যাংকগুলোর বিভিন্ন প্রচারণামূলক অফার, দৈনন্দিন কেনাকাটায় কার্ড ব্যবহারের সুবিধা এবং ডিপার্টমেন্টাল স্টোরে কার্ড গ্রহণের হার বেশি থাকায় এ ধরনের লেনদেন বেড়েছে।

এদিকে, বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারের পরিমাণও বেড়েছে। মে মাসে দেশের বাইরে বাংলাদেশি কার্ডধারীরা ৪২৫ কোটি টাকার লেনদেন করেছেন, যা এপ্রিলের ৪২৪ কোটি টাকার তুলনায় ১ দশমিক ৫৭ শতাংশ বেশি।

অন্যদিকে, বিদেশি প্রতিষ্ঠানের ইস্যু করা কার্ড ব্যবহার করে বাংলাদেশে ব্যয় কমেছে। মে মাসে এ ধরনের লেনদেন হয়েছে ৩১২ কোটি টাকা, যা এপ্রিলের ৩২৯ কোটি টাকার তুলনায় ৪ দশমিক ৯৫ শতাংশ কম। তবে বছরভিত্তিক হিসাবে বিদেশি নাগরিকদের বাংলাদেশে কার্ড ব্যয় ১২ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে, যা পর্যটন ও ব্যবসায়িক কার্যক্রমে ইতিবাচক প্রবণতার ইঙ্গিত দেয়।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মে মাস শেষে দেশে ক্রেডিট কার্ডের মোট অনুমোদিত ঋণসীমা দাঁড়িয়েছে ৪২ হাজার ১ কোটি টাকা। এর বিপরীতে কার্ডধারীদের কাছে বকেয়া বা আদায়যোগ্য অর্থের পরিমাণ ছিল ১৪ হাজার ৩৬৫ কোটি টাকা।

এ থেকে স্পষ্ট হয় যে, পারিবারিক ভোগব্যয় মেটাতে এখনো উল্লেখযোগ্য সংখ্যক গ্রাহক ক্রেডিট কার্ডের ওপর নির্ভর করছেন।

আন্তর্জাতিক লেনদেনের গন্তব্য বিশ্লেষণে দেখা যায়, বিদেশে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যয়ের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে মোট আন্তর্জাতিক কার্ড লেনদেনের ১৭ দশমিক ৩ শতাংশ হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য (৯.৬০ শতাংশ)।

এরপর যথাক্রমে থাইল্যান্ড (৮.৮৫ শতাংশ), সিঙ্গাপুর (৭.৮১ শতাংশ), সৌদি আরব (৭.৪৭ শতাংশ), ভারত (৬.৮৯ শতাংশ), মালয়েশিয়া (৫.০৮ শতাংশ), নেদারল্যান্ডস (৪.৮৯ শতাংশ), চীন (৪.৭৮ শতাংশ), কানাডা (৪.০৩ শতাংশ), অস্ট্রেলিয়া (৩.৯৩ শতাংশ) এবং আয়ারল্যান্ডের (৩.৫১ শতাংশ) মতো দেশগুলো রয়েছে। বাকি ১৬ দশমিক ৬৭ শতাংশ লেনদেন হয়েছে অন্য বিভিন্ন দেশে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত এপ্রিলে আন্তর্জাতিক কার্ড ব্যয়ে সৌদি আরবের অংশ ছিল ৩ দশমিক ৯৪ শতাংশ। মে মাসে তা বেড়ে ৭ দশমিক ৪৭ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ, এক মাসের ব্যবধানে দেশটিতে বাংলাদেশিদের কার্ড ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধইরানে বেসামরিক অবকাঠামোতে মার্কিন হামলা, পাল্টা হামলা তেহরানের
পরবর্তী নিবন্ধবিচ্ছেদের পর গোপন প্রেমের গুঞ্জন মৌনীর