নিজস্ব প্রতিবেদক
বিশ্ববাজারে জ্বালানি ও পণ্যের উচ্চমূল্য, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রপ্তানি প্রবৃদ্ধি তুলনামূলক ধীর থাকায় ২০২৫-২৬ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) দেশের পণ্য বাণিজ্যে ঘাটতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ সময়ে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে প্রায় ২৪ বিলিয়ন ডলারে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ৪ দশমিক ৬১ বিলিয়ন ডলার বা প্রায় ২৪ শতাংশ বেশি। এছাড়া এপ্রিলের তুলনায় শুধু মে মাসেই বাণিজ্য ঘাটতি বেড়েছে এক দশমিক ৭৭ বিলিয়ন ডলার।
বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত সর্বশেষ ব্যালান্স অব পেমেন্ট (বিওপি) প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আর্থিক হিসাবে বড় উদ্বৃত্ত দেখা গেছে। পাশাপাশি চলতি হিসাবের ঘাটতিও কমেছে।
প্রতিবেদন অনুযায়ী, বিগত অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বাণিজ্য ঘাটতি ছিল ২২ দশমিক ২১ বিলিয়ন ডলার। মে মাস শেষে তা বেড়ে ২৩ দশমিক ৯৮ বিলিয়ন ডলারে পৌঁছেছে। অর্থাৎ এক মাসের ব্যবধানে ঘাটতি বেড়েছে এক দশমিক ৭৭ বিলিয়ন ডলার।
২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে বাণিজ্য ঘাটতি ছিল ১৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি বেড়েছে ৪ দশমিক ৬১ বিলিয়ন ডলার।


