প্রধানমন্ত্রীকে ১০০ বিলিয়ন ডলার রপ্তানির রূপরেখা তুলে ধরলেন ব্যবসায়ীরা

নিজস্ব প্রতিবেদক

ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন শিল্পায়নের পরিবেশ তৈরিতে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে উদ্যোক্তারা সহজ শর্তে ঋণ, নীতিগত সহায়তা এবং আরও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

শনিবার (১ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এ বৈঠক আয়োজন করে। বৈঠকে উদ্যোক্তারা সরকারের বিভিন্ন অর্থনৈতিক উদ্যোগের প্রশংসা করেন এবং চলমান কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।

একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে দেশের রপ্তানি আয় ১০০ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করার একটি রূপরেখাও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশের অর্থনীতির বিদ্যমান সমস্যাগুলো সরকার যেমন উপলব্ধি করছে, তেমনই ব্যবসায়ীরাও তা অনুধাবন করছেন।

এসব সমস্যা সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং এ বিষয়ে সরকার ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনা অব্যাহত থাকবে।

এসময় তিনি এপ্রিলে বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে অনুষ্ঠিত প্রথম বৈঠকের প্রসঙ্গ তুলে বলেন, তখন ব্যবসায়ীরা যেসব সমস্যার কথা তুলে ধরেছিলেন, সেগুলোর অনেকগুলোরই এরই মধ্যে সমাধান হয়েছে। আজকের বৈঠকেও নতুন কিছু সমস্যা উঠে এসেছে এবং সেগুলো সমাধানেও সরকার কাজ করবে।

পূর্ববর্তী নিবন্ধরূপালী ব্যাংকের পরিশোধিত মূলধন বেড়েছে প্রায় দ্বিগুণ
পরবর্তী নিবন্ধইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প