জেলা প্রতিনিধি
পাবনার চাটমোহরে নাছের আলী (৪২) নামে এক অটোভ্যান চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (৮ জুলাই) রাত সাড়ে দশটার দিকে উপজেলার বোয়াইলমারী কবরস্থানের পাশে এই ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাসের মুন্সী।
নিহত নাছের আলী চাটমোহর উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল টলটলিপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, রাতে ভ্যানে যাত্রী নিয়ে ছাইকোলার দিকে গিয়েছিলেন নাছের। সেখান থেকে চাটমোহর সদরে ফেরার পথে বোয়াইলমারী কবরস্থানের পূর্ব পাশে দুর্বৃত্তরা তার গতি রোধ করে। একপর্যায়ে তাকে ছুরিকাঘাত ও গলা কেটে পালিয়ে যায়। পরে মারাত্মক জখম অবস্থায় নাছের প্রাণ বাঁচাতে দৌড়ে পার্শ্ববর্তী সবুজের বাড়ির দরজায় গিয়ে ধাক্কা দেন এবং সেখানেই লুটিয়ে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাসের মুন্সী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে স্থানীয়দের মাধ্যমে পরিচয় জানার পর নিহতের স্বজনদের খবর দেওয়া হয়। পরে স্বজনরা এসে মরদেহটি নাছেরের বলে শনাক্ত করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অটোভ্যানটি ছিনতাই করার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে। তবে ঘটনার নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, তা খতিয়ে দেখতে এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এরই মধ্যে ঘটনাস্থল থেকে নিহতের অটোভ্যানটি জব্দ করা হয়েছে।


