ওপারের উসকানিতে ঢাকায় ‘একটি দলের’ গোপন বৈঠকের সম্পর্ক আছে কি না, প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে একমত পোষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

একই সঙ্গে দলটির প্রতি ইঙ্গিত করে বলেন, বিভিন্ন সময়ে ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।

বুধবার (১১ নভেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত মঙ্গলবার সংসদে বিরোধীদলীয় নেতা ও বিরোধীদলীয় চিফ হুইপ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বক্তব্য দেন। এর পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী নিজের বক্তব্যে রাজনৈতিক বক্তব্যের জবাব দেওয়ার পাশাপাশি ২০২৫ ও ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিভিন্ন অপরাধের তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরেন।

দেশে মবের কোনো অস্তিত্ব থাকবে না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত দেশে ৫৫টি মবের ঘটনা ঘটলেও ২০২৬ সালের একই সময়ে তা কমে ১৬টিতে নেমেছে। এই ১৬টি ঘটনাও যেন আর না ঘটে, সেজন্য সরকার চূড়ান্ত ব্যবস্থা নেবে।

তিনি বলেন, এই ১৬টিও যেন না হয়, আমরা সেজন্য চূড়ান্ত ব্যবস্থা নেবো। দেশে কোনো মব থাকতে পারবে না।

সালাহউদ্দিন আহমদ বলেন, এসব পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, নাকি উন্নতি হয়েছে, তা স্পষ্ট হবে। তার দাবি, বিভিন্ন অপরাধের পরিসংখ্যানেই আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির চিত্র পাওয়া যাচ্ছে।

বিরোধীদলীয় নেতার বক্তব্যের জবাব

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর ঢাকায় একটি অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ঘোষণা দিয়েছিলেন, রাজনৈতিকভাবে তাদের ওপর যারা জুলুম-নির্যাতন করেছে, তাদের ক্ষমা করে দিয়েছেন। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে বাংলাদেশে যে নির্যাতন ও জুলুম চালানো হয়েছে, সে বিষয়ে কোনো অনুতাপ, অনুশোচনা বা ক্ষমা চাওয়া ছাড়াই একতরফাভাবে ক্ষমা করে দেওয়ার বিষয়টি যৌক্তিক নয়।

তিনি বলেন, ২০২৪ সালের ১৩ নভেম্বর লন্ডনের একটি স্থানীয় হোটেলে ব্রিটিশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা বলেছিলেন, ‘আমি বারবার ফ্যাসিজম আর ফ্যাসিস্ট বলা পছন্দ করি না। এরাও তো আমাদের পরিবারের সদস্য, রাজনৈতিক পরিবারের সদস্য।’

দেশে সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, অগ্নিসংযোগ আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি এবং তাদের ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত।

এ প্রসঙ্গে ২০০৪ সালের ৪ জুনের একটি ঘটনার উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর বর্ণনা অনুযায়ী, সেদিন সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে আওয়ামী লীগের ডাকা একটি কর্মসূচির সময় শাহবাগে তৎকালীন হোটেল শেরাটনের (বর্তমানে ইন্টারকন্টিনেন্টাল) সামনের সড়কে বিআরটিসির একটি যাত্রীবাহী দোতলা বাস পৌঁছালে একদল দুর্বৃত্ত বাসটি লক্ষ্য করে গানপাউডার নিক্ষেপ করে। এতে মুহূর্তের মধ্যে বাসটিতে আগুন ধরে যায়। যাত্রীরা দরজা বা জানালা দিয়ে বের হওয়ার সুযোগ পাননি।

তিনি বলেন, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা ও সে সময়ের গণমাধ্যমে প্রকাশিত স্থিরচিত্রে দেখা যায়, বাসের ভেতরে থাকা যাত্রীরা জানালার গ্রিল ধরে বাঁচার আকুতি জানাচ্ছিলেন। কিন্তু আগুনের তীব্রতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। ঘটনাস্থলে অন্তত নয়জন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। সব মিলিয়ে ওই ঘটনায় ১১ জন নিহত হন বলে সংসদকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

এ ঘটনায় তৎকালীন আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের জবানবন্দি ইউটিউবে পাওয়া যায় বলেও উল্লেখ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, ওয়ান-ইলেভেনের সময়কার অবৈধ সরকারের আমলে ওই ঘটনার বিবরণ প্রকাশিত হয়েছিল।

সীমান্তের ওপার থেকে উসকানির অভিযোগ

বিরোধীদলীয় নেতা সাম্প্রতিক অস্থিরতার পেছনে সীমান্তের ওপার থেকে উসকানি দেওয়া হচ্ছে বলে যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে একমত পোষণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন সময়ে ঢাকায় একটি দলের শীর্ষ নেতাদের সঙ্গে বিদেশি বিভিন্ন সংস্থার লোকজনের গোপন বৈঠকের সঙ্গে এই উসকানির কোনো সম্পর্ক আছে কি না, তা জনগণ জানতে চায়।

সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তের ওপার থেকে পলাতক ফ্যাসিস্ট নেত্রী অডিও ও ভিডিও কলে তার দলের নেতাদের নির্দেশ দিচ্ছেন জুলাই আন্দোলনকারীদের তালিকা করতে এবং তাদের ঘরবাড়ি ভেঙে দিতে। তিনি দেশে ফিরলে জুলাইযোদ্ধাদের চরম শিক্ষা দেবেন বলেও হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধগোপনে বিদেশি এজেন্সির সঙ্গে বসার কোনো ইতিহাস জামায়াতের নেই: জামায়াত আমির
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কাকে এক হালি গোল দিয়ে সেমিতে বাংলাদেশ