জেলা প্রতিনিধি
নেত্রকোনার মদনে ধর্ষণে ১১ বছর বয়সী এক শিশু অন্তঃসত্ত্বা হওয়ার ঘটনায় করা মামলায় মাদরাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় তার ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে হুমকি দেওয়ার বিষয়টি প্রমাণিত না হওয়ায় তাকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ ছালাম এ রায় ঘোষণা করেন।
আদালত উভয় আসামির উপস্থিতিতে মামলার সাক্ষীদের জবানবন্দি, ডিএনএ পরীক্ষার প্রতিবেদনসহ অন্যান্য বৈজ্ঞানিক তথ্য-প্রমাণ পর্যালোচনা করে এ রায় দেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট নুরুল কবির রুবেল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রধান আসামি সাগরকে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
পিপি আরও জানান, ধর্ষণের ফলে জন্মগ্রহণ করা নবজাতক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরের সন্তান হিসেবে পরিচিত হবে এবং সে অনুযায়ী শিশুর জন্ম নিবন্ধন হবে। তবে এই সন্তানের সব ব্যয়ভার রাষ্ট্র বহন করবে বলে আদালত মতামত দেন। এই অর্থ রাষ্ট্র সাগরের কাছ থেকে আদায় করতে পারবে বলে নির্দেশনা দেওয়া হয়।
যেভাবে ঘটনার সূত্রপাত
আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মদন উপজেলার একটি মহিলা কওমি মাদরাসায় পড়াশোনা করত শিশুটি। ওই মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক ছিলেন আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর। শিশুটির মা-বাবার বিচ্ছেদের পর সে নানার বাড়িতে থেকে ওই মাদরাসায় পড়াশোনা করত। তার মা জীবিকার প্রয়োজনে সিলেটে গৃহপরিচারিকার কাজ করতেন।
অভিযোগ অনুযায়ী, মাদরাসায় অধ্যয়নকালীন বিভিন্ন সময়ে মসজিদের বারান্দা ও মাদরাসার কক্ষ ঝাড়ু দেওয়ার কথা বলে শিক্ষক সাগর শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে।
চিকিৎসকের পরীক্ষায় অন্তঃসত্ত্বা হওয়ার তথ্য প্রকাশ
গত ১৮ এপ্রিল মদন পৌর শহরের একটি ক্লিনিকে শিশুটির শারীরিক পরীক্ষা করানো হয়। পরীক্ষা শেষে চিকিৎসক জানান, শিশুটি সাত মাসের অন্তঃসত্ত্বা। তখন তার বয়স ছিল মাত্র ১১ বছর। চিকিৎসকের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর ঘটনাটি জানাজানি হয়।


