চট্টগ্রামে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে দুই তরুণ নিহত

চট্টগ্রামের পতেঙ্গায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন- শাহিন (২২) ও ইমন (২২)। আহত তরুণের নাম আনিক (২১)। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে পতেঙ্গা থানার কাঠগড় জেলেপাড়া লিংক রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল সূত্র জানায়, দুর্ঘটনার পর তিনজনকে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক শাহিন ও ইমনকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহিনের বাবার নাম আবু সিদ্দিক। তাদের বাড়ি পতেঙ্গার স্টিল মিল এলাকার র‌্যাব-৭ গলিতে। নিহত ইমনের বাবার নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধ‘খুব শিগগিরই’ শেষ হবে ইরান যুদ্ধ: ট্রাম্প
পরবর্তী নিবন্ধকমছে মরিচের দাম, ডিমের ডজন ১৬০