৫ দিনের মধ্যে বাণিজ্যচুক্তি না করলে ৭০ শতাংশ শুল্কারোপের হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যেসব দেশ আগামী পাঁচদিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যচুক্তিতে পৌঁছাতে পারবে না, তাদের ওপর ৬০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। শুক্রবার (৪ জুলাই) সকালে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

গত ৯ এপ্রিল ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশকে তিন মাস সময় দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘পারস্পরিক’ শুল্কচুক্তি করার জন্য। সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী ৯ জুলাই। ট্রাম্প বলেছেন, প্রতিদিন ১০ থেকে ১২টি দেশকে চিঠির মাধ্যমে জানানো হবে তাদের নতুন শুল্কহার, যা আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

ট্রাম্প বলেন, শুল্কহার ৬০ বা ৭০ শতাংশ পর্যন্ত হতে পারে, আবার কিছু ক্ষেত্রে ১০ বা ২০ শতাংশও হতে পারে। এই চিঠিগুলো আগামীকাল (৫ জুলাই) থেকেই পাঠানো শুরু হবে।

তিনি আরও বলেন, আমরা চূড়ান্ত রূপ দিয়েছি। চিঠিতে বলা থাকবে কোন দেশকে কত শুল্ক দিতে হবে যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানির ক্ষেত্রে।

গত এপ্রিল মাসে ট্রাম্প বেশিরভাগ বাণিজ্য অংশীদারদের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ‘পারস্পরিক শুল্ক’ চাপিয়ে দেন। এবার সেই হার ছাড়িয়ে যাচ্ছে। এই ঘোষণার ফলে শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমেছে এবং মার্কিন ডলার ও বন্ডের দরপতন হয়েছে। স্বাধীনতা দিবস উপলক্ষে শুক্রবার যুক্তরাষ্ট্রের স্টক ও বন্ড বাজার বন্ধ থাকলেও বিশ্বজুড়ে বাজারে নেতিবাচক প্রভাব পড়েছে।

কারা পড়তে পারে নতুন শুল্কের আওতায়?
কোন দেশগুলোকে এই চিঠি পাঠানো হবে, তা এখনো স্পষ্ট নয়। তবে ইউরোপীয় ইউনিয়ন ও জাপানকে বারবার ‘অতিরিক্ত সুবিধাভোগী’ বলে সমালোচনা করেছেন ট্রাম্প। এমনকি তিনি জাপানের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। যদিও অনেকের ধারণা, এটি হতে পারে একটি কৌশলগত চাপ।

পূর্ববর্তী নিবন্ধখুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
পরবর্তী নিবন্ধজুলাই গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নে রাস্তায় নেমেছি : নাহিদ ইসলাম