আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, তার ব্যাপক পরিসরের অভিবাসনবিরোধী ও বহিষ্কার নীতি ‘অতিরিক্ত কঠোর’ ছিল। তার মতে, এ নীতির কারণে মধ্যবর্তী নির্বাচনে শেষ পর্যন্ত তার ক্ষতি হয়েছে।
সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “এটি অতিরিক্ত কঠোর ছিল। আমার মনে হয়, হ্যাঁ, এটি হয়তো অতিরিক্ত কঠোর ছিল।
শেষ পর্যন্ত এটি আমার ক্ষতি করেছে।”
শুক্রবার সাক্ষাৎকারটি রেকর্ড করা হয়।
এর কয়েক ঘণ্টা পরই ঘোষণা করা হয়, অভিবাসন বিষয়ে কঠোর অবস্থানের জন্য পরিচিত ট্রাম্পের দীর্ঘদিনের সহযোগী স্টিফেন মিলার হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে সুসি ওয়াইলসের স্থলাভিষিক্ত হচ্ছেন।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ করে থাকতে পারেন, কিন্তু বছরের পর বছর দেশটিতে কাজ করছেন, এমন অভিবাসীদের থাকার সুযোগ দেওয়া উচিত বলে মনে করেন দেশটির বড় একটি অংশ।
অভিবাসন ইস্যুতে ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতারও ইঙ্গিত দেন তিনি।
ট্রাম্প বলেন, “আপনি যখন কোনো হোটেলে যান, সেখানে এমন একজন নারীকে দেখেন, যিনি পরিচ্ছন্নতাকর্মী, ঝাড়ুদার, ওয়েট্রেস কিংবা এ ধরনের নানা কাজ করছেন। তিনি অনেক ভালো কাজ করছেন। কিন্তু হঠাৎ করেই তাকে দেশ থেকে বের করে দেওয়া হচ্ছে। বিষয়টি কঠিন, সত্যিই কঠিন।”
তিনি বলেন, “তবে এমন একটি গোষ্ঠী আছে, যাদের আমি বলতে পারি কট্টর ডানপন্থি। তারা চায়, সবাইকে দেশ থেকে বের করে দেওয়া হোক।”
তার প্রশাসন এমন মনোভাব পোষণ করে কি না, জানতে চাইলে ট্রাম্প বলেন, “এমন অনেক মানুষ আছেন।”
তিনি আরও বলেন, “আবার এমন লোকও আছেন, যারা তুলনামূলকভাবে নমনীয়। অর্থাৎ, খুনি, অপরাধী ও মাদক কারবারিদের বের করে দাও। কিন্তু যারা এখানে আছেন, যাদের কেউ কেউ ১০ বা ১৫ বছর ধরে বসবাস করছেন, তাদের জন্য সমঝোতার পথ খোঁজো।”


