নিজস্ব প্রতিবেদক

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে নিশ্চিত হামে কেউ মারা যায়নি।
একই সময়ে হাম ও হাম উপসর্গে আক্রান্ত হয়েছে ১ হাজার ২২৫ জন। এ নিয়ে হাম ও হাম উপসর্গে চলতি বছর দেশে এক হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে।
তাদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হাম উপসর্গে ১৭৭ জনের মৃত্যু হয়েছে।
রোববার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম ও হাম উপসর্গে এক হাজার ২৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হাম উপসর্গ নিয়ে এক হাজার ১৭৭ শিশু মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে সন্দেহজনক হাম আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৩৮ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ৮৭ জনের। মোট ১ হাজার ২২৫ শিশু হাম ও হাম উপসর্গে আক্রান্ত হয়েছে।
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হামরোগী হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১২ হাজার ৯৭৯ জন। এর মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২ লাখ ৪ হাজার ৪৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাম উপসর্গ দেখা দিয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৪০ জনের। এ সময়ের মধ্যে হাম শনাক্ত হয়েছে ২৪ হাজার ৪৪২ জনের।


