চলতি আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে সাড়ে ৮ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। ৩৫ টাকা কেজি দরে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩ লাখ মেট্রিক টন ধান কেনা হবে। এছাড়া ৪৯ টাকা কেজি দরে ৫ লাখ টন সিদ্ধ চাল এবং ৪৮ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলনকক্ষে খাদ্যমন্ত্রী আফরোজা খানম সাংবাদিকদের এ তথ্য জানান। গত বছর আমন মৌসুমে ৩৪ টাকা দরে ধান, ৫০ টাকা দরে সিদ্ধ চাল ও ৪৯ টাকা দরে আতপ চাল কিনেছিল সরকার।

আগামী ১৪ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ এবং ১ ডিসেম্বর থেকে চাল সংগ্রহ শুরু হবে। আমন ধান ও চাল সংগ্রহ চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।
খাদ্যমন্ত্রী বলেন, আমরা ৩ লাখ টন আমন ধানের কথা বলেছি, কিন্তু এর চেয়েও বেশি হতে পারে। যদি কোনো কৃষক আমাদের কাছে আরও ধান বিক্রি করতে চান, সেটা ৩ লাখের ওপরেও যদি হয়, সে ব্যবস্থা রাখা হয়েছে। কারণ প্রধানমন্ত্রী সবসময় একটা কথা আমাদের বলেছেন, কৃষকের যেন কোনো ক্ষতি না হয়। আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।
আফরোজা খানম বলেন, খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি, আসন্ন আমন সংগ্রহ কার্যক্রম, খাদ্যশস্য মজুত, সরকারি বিতরণ ও খাদ্যশস্য আমদানি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আপনারা জানেন, নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী বর্তমান সরকারের লক্ষ্য হলো বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জনের উদ্দেশ্যে কৃষককেন্দ্রিক একটি আধুনিক কৃষি ব্যবস্থা গড়ে তোলা।
তিনি জানান, এ লক্ষ্যে, ক্ষুধা ও দারিদ্র্য দূরীকরণ এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকল্পে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ এই সংগ্রহ অভিযানের মূল চালিকাশক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে।
এ সময় খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ অন্যান্য কর্মকর্তার উপস্থিত ছিলেন।


