২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ৪০৬

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ৪০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে দায়ের করা হয়েছে ৫০টি মামলা।

অভিযানে মাদক, দেশীয় অস্ত্র, মোটরসাইকেল, মোবাইল ফোন ও নগদ টাকাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী।

তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৫ জন, লালবাগ বিভাগ থেকে ৩৬ জন, ওয়ারী বিভাগ থেকে ৩১ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৫ জন, তেজগাঁও বিভাগ থেকে ৫৯ জন, মিরপুর বিভাগ থেকে ১২০ জন, গুলশান বিভাগ থেকে ৩২ জন, উত্তরা বিভাগ থেকে ৪৩ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে গ্রেপ্তারদের হেফাজত থেকে ১ কেজি ২১৫ গ্রাম গাঁজা, ২ হাজার ২৯০ পিস ইয়াবা, দরজা ও জানালায় ব্যবহৃত পুরাতন অ্যালুমিনিয়াম ফ্রেমের ছোট-বড় ১৫টি টুকরা, একটি চাকু, একটি অ্যান্টি কাটার, পাঁচটি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল এবং নগদ ৮ হাজার ৩৫০ টাকা উদ্ধার করা হয়।

নিয়াজ মেহেদী আরও জানান, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পূর্ববর্তী নিবন্ধদল হিসেবে অপরাধের সঙ্গে আ.লীগের প্রাথমিক সংশ্লিষ্টতা মিলেছে: চিফ প্রসিকিউটর
পরবর্তী নিবন্ধঅর্থ মন্ত্রনালয়, এডিবি, বাংলাদেশ ব্যাংক ও যমুনা ব্যাংক -এর যৌথ আয়োজনে উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন