নিউজ ডেস্ক
ঢাকার বাতাসের মান বছরের বেশিরভাগ সময় ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকে। শীতকাল তথা শুষ্ক মৌসুমে দূষণের মাত্রা বেশি বাড়ে। তবে সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, বৃষ্টি দিনে বা বর্ষাকালেও নিয়মিত ভালো বাতাস পাচ্ছে না নগরবাসী। গত কিছুদিনের দূষণের স্কোর তেমন তথ্যই বলছে।
বৃহস্পতিবার (৪ জুন) ঢাকার বাতাসের মান ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে। বাতাসের মান পর্যবেক্ষণকারী সুইজারল্যান্ডভিত্তিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সকাল ৮টার সূচক থেকে এ তথ্য জানা গেছে।
বিশ্বের বিভিন্ন দেশের ১২৫টি শহরের ওপর আইকিউএয়ারের করা বাতাসের মান সূচকে সকাল ৮টায় তালিকার ১১তম অবস্থানে থাকা ঢাকার দূষণের স্কোর দেখা গেছে ৯৪।
কোনো একটি এলাকা বা শহরের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান অনেক ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
আজ বিশ্বে বায়ুদূষণের তালিকায় শীর্ষে বা দূষণের সর্বোচ্চ স্তরে অবস্থান করছে ইন্দোনেশিয়ার জাকার্তা। শহরটির দূষণ স্কোর ১৭৩। এরপরই পাকিস্তানের লাহোর ১৭১, চিলির সান্তিয়াগো ১৪৩, ভারতের দিল্লি ১৪২, ভিয়েতনামের হ্যানয় ১৩২, ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোর কিনশাসা শহর ১২৯ ও দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ ১২৮ স্কোর নিয়ে দূষণের উপরের সারিয়ে রয়েছে।
অন্যদিকে, আজ বাতাসের মান সবচেয়ে ভালো অস্ট্রেলিয়ার মেলবোর্নে। শহরটির দূষণ স্কোর মাত্র ৯।


