নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ বলে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেছেন জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুল আমীন।
এ তথ্য জানিয়ে নুরুল আমীনের আইনজীবী আজিম উদ্দিন পাটোয়ারী বলেন, আবেদনে হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিত এবং আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীর যেন সংসদ অধিবেশনে অংশগ্রহণ করতে না পারেন সেজন্য নিষেধাজ্ঞা চেয়েছি।
এর আগে গত ৯ জুলাই হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ মনোনয়ন বৈধ বলে রায় দেন। ওইদিনই শপথ নেন সরোয়ার আলমগীর।
সরোয়ার আলমগীরের প্রার্থিতা রিটার্নিং কর্মকর্তার কাছে বৈধ হওয়ার পর তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগে আপিল করেছিলেন জামায়াতের প্রার্থী নুরুল আমীন।
শুনানি শেষে ১৮ জানুয়ারি কমিশন তার প্রার্থিতা বাতিল করে। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সরোয়ার আলমগীর।
গত ২৭ জানুয়ারি সরোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশনের আদেশ স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে নির্বাচনে সুযোগ দেওয়ার নির্দেশ দিয়ে রুল জারি করা হয়।


