নিজস্ব প্রতিবেদক
জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে এবং বৈষম্যহীন দেশ গড়ার বার্তা দিতে জাতীয় সংসদ ভবন এলাকাকেও লোডশেডিংয়ের (লোড ম্যানেজমেন্ট) আওতায় আনার প্রস্তাব দিয়েছেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এ প্রস্তাব দেন।
অধিবেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীর ঢাকায় লোড ম্যানেজমেন্ট সংক্রান্ত প্রস্তাবের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, মেহেরবানী করে এটা যেন সংসদ থেকে শুরু হয়। সংসদ যেন এর বাইরে না থাকে।
ওই লোড ম্যানেজমেন্টের আওতায় সংসদও যেন থাকে। ঢাকার অন্য অংশে যদি এক ঘণ্টা লোডশেডিং থাকে, এখানেও যেন এক ঘণ্টা বিদ্যুৎ না থাকে।
এর যৌক্তিকতা তুলে ধরে বিরোধীদলীয় নেতা বলেন, এখান (সংসদ) থেকে শুরু হোক, তাহলে জনগণ বুঝবে যে আমরা আসলে বাংলাদেশকে একটি বৈষম্যহীন দেশ হিসেবে গড়ে তুলতে চাচ্ছি।
এ পর্যায়ে স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, বিরোধী দলের নেতা, সংসদ তো চালু রাখতে হবে।
সংসদে লোডশেডিং করা যাবে না।
জবাবে ডা. শফিকুর রহমান স্পিকারের কাছে মাইক চেয়ে নিয়ে বিষয়টি স্পষ্ট করেন। তিনি বলেন, আমি সংসদ ভবনের কথা বলেছি। সংসদের অধিবেশনের কথা বলিনি। অধিবেশনের বাইরে অনেক কর্মকাণ্ড আছে, আমি মূলত সেই কথাটাই বোঝাতে চেয়েছি।
একই অধিবেশনে জ্বালানি সমস্যা সমাধানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রীর প্রস্তাবিত কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে ৫ সদস্যের নামও ঘোষণা করেন ডা. শফিকুর রহমান।


