নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সারাদেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীর তীব্র জনবল সংকট রয়েছে। এই সংকট কাটাতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দ্রুত এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে।
সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য সাবিকুন্নাহারের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের জন্য অনুমোদিত পদের সংখ্যা ৪১ হাজার ৮০৬টি। এর মধ্যে বর্তমানে ৯ হাজার ৪০৭টি পদ শূন্য। এছাড়া নার্সদের জন্য অনুমোদিত ৪৯ হাজার ৮৭৯টি পদের বিপরীতে কর্মরত ৪৫ হাজার ৩০২ জন। ফলে বর্তমানে ৪ হাজার ৫৭৭টি নার্সের পদও শূন্য।
তিনি বলেন, স্বাস্থ্যসেবায় জনবল ঘাটতি পূরণ এবং সেবার মানোন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দ্রুত এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া তথ্যানুযায়ী, সবচেয়ে বেশি জনবল সংকট রয়েছে মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের মধ্যে। এ খাতে অনুমোদিত ৬৫ হাজার ২৩০টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত ৪৬ হাজার ২৮৩ জন। ফলে শূন্য ১৮ হাজার ৯৪৭টি পদ।
এর মধ্যে পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) পদের সংখ্যা ২৩ হাজার ৫০০টি হলেও কর্মরত ১৫ হাজার ২০৭ জন। ফলে এ ক্যাটাগরিতে শূন্য ৮ হাজার ২৯৩টি পদ। পরিবার কল্যাণ পরিদর্শিকা (এফডব্লিউভি) পদের ৬ হাজার ৩৬১টির মধ্যে ৩ হাজার ১৬১টি পদ শূন্য। এছাড়া কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদের ১৪ হাজার ৪৬০টির মধ্যে ৫৪০টি পদ ফাঁকা। অন্যদিকে, স্বাস্থ্য সহকারী (এইচএ) পদের মোট সংখ্যা ২০ হাজার ৯০৯টি। এর মধ্যে বর্তমানে শূন্য ৬ হাজার ৯৫৩টি পদ।


