শাহবাগে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগ এলাকার আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের এক ফ্ল্যাট থেকে ফারা ফোরদৌস (২৭) নামের এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৬ জুন) বিকেলে মরদেহ উদ্ধার করা হয়। তিন দিন পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার পর ভাড়া বাসায় তার মরদেহ পাওয়া গেলো। মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) একরামুল হক বলেন, খবর পেয়ে আজিজ সুপার মার্কেটের আবাসিক ভবনের ১৪ তলার ৮/এস নম্বর ফ্ল্যাটের এক কক্ষ থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি বলেন, ফারা ফোরদৌসের স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়- গত তিন দিন ধরে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ হচ্ছিল না। বারবার ফোন করেও সাড়া না পেয়ে স্বজনরা শুক্রবার বিকেলে ঢাকায় এসে তার কক্ষে যান এবং সেখানে মরদেহ দেখে পুলিশে খবর দেন। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ফারা ফেরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার মো. আব্দুর রশিদের কন্যা। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। পরে উচ্চতর ডিগ্রির জন্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

পূর্ববর্তী নিবন্ধমালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধ২০২৯ নাগাদ রাজস্ব-জিডিপি অনুপাত ১০.৭ শতাংশে নিতে চায় এনবিআর