রামিসা হত্যা মামলার চার্জশিট দাখিল হতে পারে দুপুরে

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা আলোচিত মামলার তদন্ত প্রতিবেদন আজ রোববার (২৪ মে) দুপুরে আদালতে জমা পড়তে পারে বলে জানা গেছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) অহিদুজ্জামান ভূঁইয়া নিপুণ জাগো নিউজকে বলেন, ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট হাতে পাওয়ার পর চার্জশিট প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের যাচাই-বাছাই শেষে দুপুরেই চার্জশিট দাখিল করা হতে পারে।

তিনি বলেন, সব ফরেনসিক রিপোর্ট পাওয়া গেছে। এখন চূড়ান্ত প্রক্রিয়া চলছে। আশা করছি আজ দুপুরেই তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া সম্ভব হবে।

গতকাল শনিবার সিআইডি থেকে মামলার ডিএনএ, ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়। সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ২১ মে রাতে রামিসার বাসা পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছিলেন, রোববারের মধ্যে আদালতে চার্জশিট দাখিল করা হবে। একই সঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ঈদের আগেই চার্জশিট দাখিল সম্ভব হলে ঈদের পরপরই বিচারিক কার্যক্রম শুরু করা যাবে।

গত ১৯ মে সকালে পল্লবীর মিরপুর-১১ নম্বর এলাকায় নিজ বাসা থেকে নিখোঁজ হওয়ার পর একই ভবনের একটি কক্ষ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় শিশু রামিসার মৃতদেহ।

পূর্ববর্তী নিবন্ধবুড়িমারী এক্সপ্রেস আড়াই ঘণ্টা বিলম্ব, যাত্রীদের দুর্ভোগ
পরবর্তী নিবন্ধগাবতলী টার্মিনাল পরিদর্শনে র‍্যাব