রাজধানীতে দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলি, এইচএসসি পরীক্ষার্থী আহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে আব্দুল করিম (১৮) নামে এক এইচএসসি পরীক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

আহত করিমের বাবা মো. রফিকুল ইসলাম জানান, আব্দুল করিম রাতে দোকান থেকে কয়েল কিনে বাসায় ফিরছিলেন। ফেরার পথে বাসার সামনেই তুহিন নামের এক বন্ধুর সঙ্গে কথা বলছিলেন। এ সময় অজ্ঞাত দুই-তিনজন ব্যক্তি এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে আব্দুল করিমের দুই পায়ে দুই রাউন্ড গুলি লাগে। পরে দুর্বৃত্তরা ওই এলাকা থেকে পালিয়ে যায়।

তিনি জানান, খবর পেয়ে তারা আব্দুল করিমকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। এরপর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢামেকে আনা হয়। চিকিৎসা শেষে তাকে বাসায় নেওয়া হয়েছে।

তবে কী কারণে আব্দুল করিমকে গুলি করেছে সে বিষয়ে তার বাবা কিছু জানাতে পারেননি।

রফিকুল ইসলাম আরও জানান, তাদের গ্রামের বাড়ি জামালপুরের বকশীগঞ্জ থানার ধানুয়া কামালপুর এলাকায়। বর্তমানে তারা ক্যান্টনমেন্টে মানিকদি আমতলা এলাকায় বসবাস করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, দুই পায়ের হাঁটুর নিচে গুলিবিদ্ধ অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢামেকে আনা হয়। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআলোচনা ব্যর্থ হলে ইরানে ফের কঠোর হামলার হুমকি ট্রাম্পের
পরবর্তী নিবন্ধশাহজালালে বিদেশি এয়ারলাইন্সের অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত