স্পোর্টস ডেস্ক
ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার মিশন শুরুর আগে নিজেদের সামর্থ্যের জানান দিয়েছে আলবেসিলেস্তেরা।
রোববার (৭ জুন) ভোরে মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসে লাউতারো মার্তিনেজ ও সিমিওনের গোলে ম্যাচটি জিতে নিয়েছে আর্জেন্টিনা। চোটের কারণে শঙ্কায় থাকা মেসিকে ছাড়াই মাঠে নেমেই ওই জয় তুলে নিয়েছে দলটি। তার অভাব একেবারেই বুঝতে দেননি সতীর্থরা।
ম্যাচের দুই অর্ধে দুটি গোলের দেখা পায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে লিওনেল স্কালোনির শিষ্যরা। ৬ মিনিটে সিমিওনে শট নেন হন্ডুরাসের গোলমুখে। তবে সেটি গোল হয়নি। ফিরিয়ে দেন প্রতিপক্ষের গোলকিপার এনদ্রিক মেনজিভার।
ম্যাচের দশ মিনিটে শট নেন লাউতারো মার্তিনেজ। তবে এবারও সফল প্রতিপক্ষের গোলকিপার। ১৭ মিনিটে গোলের জন্য শট নিলেও লক্ষ্যভ্রষ্ট শটে ব্যর্থ হন হন্ডুরাসের এদউইন রদ্রিগেজ।
৩৩ মিনিটে বক্সের বাইরে থেকে দারুণ এক শট নেন লো সেলসো। কিন্তু সেটি ফিরে আসে ক্রসবারে লেগে। তবে সেই হতাশা আর্জেন্টিনা ভুলে যায় ৩ মিনিট পরই। নিকোলাস তালিয়াফিকোকে বক্সে ফেলে দিয়ে ফাউল করেন হন্ডুরাসের ক্রিস্টোফার মেলেন্দেজ। পেনাল্টি পেয়ে ৩৬ মিনিটে গোল করতে মোটেও ভুল করেননি লাউতারো মার্তিনেজ। ১- গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা।
প্রথমার্ধের খেলা শেষে ১-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয়ার্ধের খেলা মাঠে ফিরলে ৯ মিনিটের মধ্যেই ম্যাচের ৫৪ মিনিটে সিমিওনে ডান দিক দিয়ে দ্রুত এগিয়ে গিয়ে প্রতিপক্ষের গোলরক্ষক এনদ্রিক মেনজিভারকে পরাস্ত করে বল জালে জড়ান। দারুণ ব্যাকহিল পাস দিয়ে সহায়তা করেন লাউতারো মার্তিনেজ।
এরপর আর্জেন্টিনা আরও একাধিকবার চেষ্টা চালালেও আর গোলের দেখা পায়নি। দুই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা। মাঠে দাপুটে ফুটবল খেলা আর্জেন্টিনা নিজেদের দখলে ৭২ শতাংশ বল রেখে শট নেয় ১৭টি, যার ৯টিই আবার লক্ষ্যে।
আগামী ৯ জুন অর্বুনে বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা।


