মুকসুদপুরে ১৭৭ নং বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও চুরি

দেলোয়ার হোসেন, মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৭৭ নং বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আবারও চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে বিদ্যালয়টিতে গত কয়েক বছরে ১২ বার চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন বিদ্যালয় সংশ্লিষ্টরা।

রবিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে কোনো একসময় বিদ্যালয়ে চুরির এ ঘটনা ঘটে।

সোমবার সকালে বিদ্যালয়ে এসে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুতফর রহমান গাজী দেখতে পান, বিদ্যালয়ের সব কক্ষের তালা ভাঙা এবং দরজা খোলা। পরে কক্ষগুলোতে ঢুকে দেখা যায়, কোনো কক্ষেই বৈদ্যুতিক ফ্যান নেই। দুর্বৃত্তরা বিদ্যালয়ের আলমারিও ভেঙে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে বলে জানান তিনি।

চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মুকসুদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাফিছুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আল-মামুনসহ পুলিশ সদস্যরা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

বিদ্যালয়টিতে বারবার চুরির ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, একাধিকবার চুরির ঘটনা ঘটলেও স্থায়ীভাবে নিরাপত্তার ব্যবস্থা না থাকায় দুর্বৃত্তরা বারবার বিদ্যালয়টিকে টার্গেট করছে।

স্থানীয়রা বিদ্যালয়ের নিরাপত্তা জোরদারের পাশাপাশি চুরির সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত করা হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধমঙ্গলবার রাত থেকে আগের মতো গ্যাস-বিদ্যুৎ পাবে কারখানা, প্রধানমন্ত্রীর আশ্বাস
পরবর্তী নিবন্ধহাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু