আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুরে শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে সরকারি মডেল সাবের মিয়া জসিমউদদীন (এসজে) উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সরকারি মডেল এসজে উচ্চ বিদ্যালয়ের সভাপতি মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনিল চন্দ্র মন্ডল।
সহকারী শিক্ষক শুকদেব পোদ্দারের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল কাইয়ুম শরিফ, মুকসুদপুর প্রেস ক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা।
সমাবেশে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবির শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও অভিভাবকদের করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন।
তিনি শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনায় মনোযোগী করা, শৃঙ্খলা বজায় রাখা এবং তাদের সার্বিক অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন।
সমাবেশে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, বিদ্যালয়ে উপস্থিতি, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নের বিষয়ে শিক্ষক-অভিভাবকদের মধ্যে মতবিনিময় হয়।
শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


