মুকসুদপুরে কিশোর রিয়ান মোল্লার মরদেহ উদ্ধারের ঘটনায় দুইজন আটক

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি:

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রাম থেকে রিয়ান মোল্লা (১৩) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে মুকসুদপুর থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকা সন্দেহে ঐ একই এলাকার আরিফ (১৮) ও মুরছালিন (১৪) নামে দুইজনকে আটক করা হয়েছে।

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম আরিফ সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কমলাপুর গ্রামের একটি পরিত্যক্ত পুকুর থেকে রিয়ান মোল্লার মরদেহ উদ্ধার করেন।

পরে মরদেহটি উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত রিয়ান মোল্লা উপজেলার কমলাপুর গ্রামের রিপন মোল্লার ছেলে। তার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে শোকের পাশাপাশি ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার পর মঙ্গলবার (২১জুলাই) সকালে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো. নাফিছুর রহমান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মতিয়ার মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ঘটনাস্থলের বিভিন্ন আলামত সংগ্রহ করেন এবং তদন্তের অগ্রগতি পর্যালোচনা করেন।

পুলিশ জানিয়েছে, রিয়ান মোল্লার মৃত্যুর ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরিফ ও মুরছালিন নামে দুইজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।মুকসুদপুর থানার পুলিশ জানায়, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ গুরুত্বের সঙ্গে কাজ করছে। এদিকে, কিশোর রিয়ানের এমন মর্মান্তিক মৃত্যুতে কমলাপুরসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধএবার মোদির বাসভবনের সামনে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিক্ষোভ
পরবর্তী নিবন্ধতনু হত্যা মামলায় আরও দুজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ