নিউজ ডেস্ক
সৌদি আরবে ইয়েমেনের হুথিদের হামলার জেরে তুরস্ক, পাকিস্তান ও সৌদি আরবের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সক্রিয় করা হয়েছে। ‘মক্কা প্রতিরক্ষা জোট’ নামে পরিচিত এ জোটের আওতায় সম্মিলিত প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তিন দেশ।
একই সঙ্গে, সৌদি আরবে দ্রুত সামরিক বাহিনী ও সামরিক সক্ষমতা পাঠাতে সম্মত হয়েছে তারা।
গত সোমবার (৫ অক্টোবর) রিয়াদে তিন দেশের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। গত ৭ আগস্ট চুক্তিটি সই হওয়ার পর এ প্রথমবারের মতো জোটটি কার্যকর করা হলো।
চুক্তি অনুযায়ী, তিন দেশের যে কোনো একটি দেশে হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, জোটের আওতায় হামলা এবং এর জন্য দায়ীদের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তিনি আরও বলেন, সৌদি আরব ও পবিত্র স্থানগুলোর ওপর হামলার মুখে তিন দেশ নিজেদের মধ্যে সংহতি ও ঐক্য আবারও নিশ্চিত করেছে।
অন্যদিকে, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক যৌথ বিবৃতিতে বলা হয়েছে, তিন দেশ সম্মত সামরিক বাহিনী ও সামরিক সক্ষমতা দ্রুত সৌদি আরবে পাঠাবে। নিজ নিজ দেশের আইন ও অনুমোদিত প্রক্রিয়া মেনেই এসব পদক্ষেপ নেওয়া হবে।


