ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা-ভাঙচুর, অফিসার্স ক্লাবে আগুন

জেলা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা পরিষদ এবং ভাঙ্গা থানায় হামলা ও ভাঙচুর চালিয়েছেন বিক্ষোভকারীরা। উপজেলা পরিষদের অন্তত ১৫টি অফিস কক্ষ ভাঙচুর করেছেন তারা। এছাড়া, উপজেলা অফিসার্স ক্লাব সংলগ্ন গ্যারেজে অগ্নিসংযোগ করেছেন এসব বিক্ষোভকারী।

আজ সোমবার দুপুর সোয়া ১টার দিকে বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা মহাসড়কের আলগী ইউনিয়নের সোয়াদী থেকে শুরু হয়ে গোলচত্বর এলাকায় এসে পৌঁছায়। এ সময় বিক্ষোভকারীরা সাংবাদিকদের ভিডিও করতে ও ছবি তুলতে বাধা দেন।

আইনশৃঙ্খলা কাজে নিয়োজিত পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছেন।

ভাঙ্গার বিভিন্ন জায়গা থেকে জনস্রোত উপজেলা সদরের দিকে আসছে। কেউ আসছেন হেঁটে, কেউ আসছেন ভ্যান-নসিমনে, কেউ আসছেন মোটরসাইকেল করে। এদিকে দুটি মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রোকিবুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।

প্রসঙ্গত, ফরিদপুর-৪ আসন থেকে আলগী ও হামিরদী নামে দুটি ইউনিয়ন কেটে নিয়ে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার প্রতিবাদে দুই সপ্তাহ ধরে আন্দোলন করে আসছেন স্থানীয় বাসিন্দারা। তারা আসনগুলোর পূর্বের অবস্থা বহাল চান। আন্দোলনের অংশ হিসেবে রোববার থেকে টানা তিন দিন মহাসড়ক ও রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। আজ সোমবার দ্বিতীয় দিনের কর্মসূচি চলছে। বেলা ১১টা থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন বিক্ষোভকারীরা। এরপর দুপুর ১টা ১৫ মিনিটের দিকে তারা ভাঙ্গা গোলচত্বর এলাকায় চলে আসেন।

পূর্ববর্তী নিবন্ধনেপালে অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবিতে আবারও রাস্তায় জেন জি
পরবর্তী নিবন্ধকক্সবাজারের নতুন ডিসি আ. মান্নান