বর্জ্যকে সম্পদে পরিণত করার আহ্বান জুবাইদা রহমানের

নিজস্ব প্রতিবেদক

বর্জ্যকে কোনো ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়, বরং একে সম্পদে, শক্তির উৎসে এবং প্রবৃদ্ধির সুযোগে পরিণত করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের ফার্স্ট স্পাউস ডা. জুবাইদা রহমান।

বুধবার (১১ নভেম্বর) তুরস্কের আন্তালিয়ায় চলমান জলবায়ু সম্মেলনে (কপ-৩১) ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’ শীর্ষক রাষ্ট্র ও সরকারপ্রধানদের স্পাউসদের এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বর্জ্যমুক্ত কর্মসূচি এগিয়ে নিতে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের নেতৃত্বের প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান ডা. জুবাইদা রহমান।

বৈঠকে বাংলাদেশের অবস্থান তুলে ধরে ফার্স্ট স্পাউস বলেন, বাংলাদেশ ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’-কে জোরালোভাবে স্বাগত জানায় ও সমর্থন করে।

এটি একটি পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে বাংলাদেশ সরকারের লক্ষ্যের সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এ সময় তিনি সরকারের বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহার এবং পুনশ্চক্রায়ন (থ্রি-আর) কৌশল এবং ‘কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা’র কথা উল্লেখ করেন।
কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা প্রসঙ্গে তিনি জানান, ‘ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন’ (এনডিসি ৩.০)-এর আওতায় বাংলাদেশ ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১৭ লাখ ৮০ হাজার (১.৭৮ মিলিয়ন) টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে। রিসাইক্লিং, কম্পোস্টিং, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন এবং চিকিৎসাবর্জ্যের নিরাপদ ব্যবস্থাপনা বাংলাদেশ সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে বলেও জানান তিনি।

ঢাকায় বাস্তবায়নাধীন বৃহৎ ‘ওয়েস্ট-টু-এনার্জি’ বা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কথা উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, এই প্রকল্পে প্রতিদিন ৩ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। দেশের অন্যান্য বড় শহরগুলোতেও এ ধরনের প্রকল্প বিস্তারের পরিকল্পনা রয়েছে সরকারের। শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তর এবং জলাশয়গুলো পরিচ্ছন্ন রাখার মাধ্যমে পরিবেশ রক্ষা করাই বাংলাদেশের মূল লক্ষ্য।

প্লাস্টিক দূষণ রোধে বাংলাদেশের প্রাকৃতিক বিকল্প হিসেবে সোনালী আঁশ পাটের কথা বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন তিনি। প্লাস্টিকের পরিবর্তে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কপ-৩১ এর গ্রিন জোনে অবস্থিত ‘বাংলাদেশ জুট প্যাভিলিয়ন’ পরিদর্শনের জন্য সবাইকে আমন্ত্রণ জানান তিনি। এছাড়া ‘গ্লোবাল মিথেন প্লেজ’-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে জলবায়ু-বান্ধব কৃষি এবং মিথেন নির্গমন কমাতে বাংলাদেশের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

বর্জ্যমুক্ত বিশ্ব গড়তে একক প্রচেষ্টা যথেষ্ট নয় উল্লেখ করে ডা. জুবাইদা রহমান বলেন, এর জন্য প্রয়োজন সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর এবং সক্ষমতা বৃদ্ধি। পাশাপাশি বেসরকারি খাতের জোরালো অংশগ্রহণ, অপ্রাতিষ্ঠানিক বর্জ্য কর্মীদের সুরক্ষা এবং তরুণ প্রজন্মকে এই আন্দোলনে অন্তর্ভুক্ত করার ওপর জোর দেন তিনি।

তিনি বলেন, ‘আসুন, আমরা বর্জ্যকে সম্পদে, দূষণকে সমাধানে এবং প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করি।’

সম্মিলিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে ও বৈশ্বিক সহযোগিতা সুদৃঢ় করতে বাংলাদেশ পুরোপুরি প্রস্তুত বলেও জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধশ্রীলঙ্কাকে এক হালি গোল দিয়ে সেমিতে বাংলাদেশ