আন্তর্জাতিক ডেস্ক
হিমালয় অঞ্চলে পাহাড়ধসের পর সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যায় নেপাল ও চীনের তিব্বতজুড়ে নিখোঁজ মানুষের সংখ্যা প্রায় ১৫০০-তে পৌঁছেছে। তাদের মধ্যে ৭০০ জনের বেশিই বিদেশি নাগরিক।
বুধবারের (২৬ আগস্ট) এই বিপর্যয়ের পর বৃহস্পতিবারও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নেপাল পুলিশ জানিয়েছে, মৃতের সংখ্যা ১৭০ এই সংখ্যা আরও বাড়তে পারে।কর্তৃপক্ষ জানিয়েছে, হিমালয়ের একটি নদীতে পাহাড়ের বিশাল অংশ থেকে কাদা ও পাথরের দেয়ালধস নেমে আসার পর এই বিপর্যয় শুরু হয়। প্রবল পানির স্রোত ও ধ্বংসাবশেষ নেপাল-তিব্বত সীমান্তের জনপদ, সড়ক ও অবকাঠামো ভাসিয়ে নিয়ে যায়।
বুধবারের দুর্যোগে কাঠমান্ডু থেকে তিব্বতের লাসাকে সংযুক্ত করা একটি গুরুত্বপূর্ণ সড়কের আশপাশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই পথে বহু ট্রেকার ও তীর্থযাত্রী চলাচল করতেন। বন্যার পর বহু শহর ও উপত্যকা বাইরের বিশ্বের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
নেপালের উদ্ধারকারীরা হেলিকপ্টার ব্যবহার করে নিখোঁজদের খোঁজে অভিযান চালাচ্ছেন। একই সঙ্গে দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় আটকে পড়া হাজারো মানুষের কাছে জরুরি ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে।
নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফলে রয়টার্সকে বলেন, উদ্ধার অভিযান আবার শুরু হয়েছে এবং আরও মরদেহ উদ্ধারের আশঙ্কা রয়েছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই ধারণা করা হচ্ছে।নেপালে পুলিশ ও পর্যটন কর্মকর্তাদের হিসাবে ৮২৬ জন এখনো নিখোঁজ। তাদের মধ্যে প্রায় ৫০০ জন বিদেশি নাগরিক।


