দুর্গাকাণ্ডে ক্ষমা চাইলেন শুভেন্দু অধিকারী

নিউজ ডেস্ক

দেবী দুর্গার ১০ হাতের বদলে ১১ হাত দেখিয়ে সরকারি বিজ্ঞাপন প্রকাশের ঘটনায় ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার (৭ সেপ্টেম্বর) কলকাতার মিলন মেলা প্রাঙ্গণে দুর্গাপূজা নিয়ে আয়োজিত সমন্বয় সভায় তিনি এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন।

মুখ্যমন্ত্রী বলেন, সবার আগে মুখ্যমন্ত্রী হিসেবে আমি এই ভুল বিজ্ঞাপনের জন্য সবার কাছে ক্ষমা চাইছি। যারা বিজ্ঞাপনটি তৈরি করেছেন, তাদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে রাজ্য সরকার এ ধরনের বিষয়ে আরও সতর্ক থাকবে।

সোমবার বিকেলে দুর্গাপূজার প্রস্তুতি নিয়ে সমন্বয় সভার আয়োজন করা হয়েছিল। এটাই ছিল পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের পর প্রথম দুর্গাপূজা উপলক্ষে এমন সভা। সভার প্রচারমূলক বিজ্ঞাপনে দেবী দুর্গার ছবিতে ১০টির পরিবর্তে ১১টি হাত দেখা যায়।

তবে সভাস্থলের ব্যাকগ্রাউন্ডে থাকা বড় ব্যানারে দেবী দুর্গার ছবিতে আবার ১০টি হাতই ছিল।

ঘটনাটি নিয়ে তীব্র সমালোচনা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস (টিএমসি)। দলটি অভিযোগ করেছে, বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য বারবার ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে টিএমসি প্রশ্ন তোলে, তাহলে বিজেপি সরকারের মতে মা দুর্গার ১১টি হাত? দলটির দাবি, দুর্গাপূজা শুধু একটি উৎসব নয়, এটি বাঙালির আবেগ ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। তাই দেবী দুর্গাকে ভুলভাবে উপস্থাপন করা অত্যন্ত অসম্মানজনক।

পূর্ববর্তী নিবন্ধমক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া
পরবর্তী নিবন্ধমৃত্যুদণ্ডপ্রাপ্ত আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি