মক্কা চুক্তিতে ইরানকে চায় রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে গড়ে ওঠা মক্কা প্রতিরক্ষা জোটে ইরানকে যুক্ত করার প্রস্তাব দিয়েছে রাশিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এই জোটে ইরানের অংশগ্রহণ আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাস্তবসম্মত পদক্ষেপ হতে পারে।

সোমবার (৭ সেপ্টেম্বর) মস্কো স্টেট ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল রিলেশন্সে এক বক্তব্যে লাভরভ এসব কথা বলেন বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।

ল্যাভরভ বলেন, উপসাগরীয় দেশগুলোর মধ্যে একটি অভিন্ন নিরাপত্তা কাঠামো গড়ে তোলার প্রস্তাব রাশিয়া দুই দশকেরও বেশি আগে দিয়েছিল। এর মধ্যে আরব রাজতন্ত্রগুলো এবং ইরানকেও অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছিল।

তিনি বলেন, এসব দেশের পারস্পরিক সম্পর্ক জটিল হলেও রাশিয়া তাদের মধ্যে বৈঠক ও আলোচনা আয়োজন, পারস্পরিক অভিযোগ নিয়ে কথা বলা এবং আস্থা তৈরির বিভিন্ন পদক্ষেপে সহায়তা করার লক্ষ্য নিয়েছিল।

ইরান ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার প্রসঙ্গও তুলে ধরেন রুশ পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, চীনের মধ্যস্থতা এবং রাশিয়ার সক্রিয় উৎসাহে কয়েক বছর আগে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।

ল্যাভরভ বলেন, ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের আগে চীনের উদ্যোগ এবং আমাদের সক্রিয় উৎসাহে ইরান ও সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক হয়েছিল।

সম্প্রতি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক যে মক্কা প্রতিরক্ষা চুক্তি উপস্থাপন করেছে, সেটিকে তিনি সম্মিলিত নিরাপত্তা ও প্রতিরক্ষা জোটের একটি কাঠামো হিসেবে উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধন্যাশনাল লাইফে পুরস্কার বিতরণ ও মোটিভেশনাল সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধদুর্গাকাণ্ডে ক্ষমা চাইলেন শুভেন্দু অধিকারী