দুই দেশের মানুষে মানুষে সম্পর্ক জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষে মানুষে সম্পর্ক আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদ্‌যাপন উপলক্ষে আয়োজিত ‘আমেরিকা সপ্তাহ’ কর্মসূচির মধ্য দিয়ে সেই সম্পর্ককে আরও জোরদার করার কথা জানিয়েছেন তিনি।

আজ শনিবার সকালে রাজধানীর গুলশান–২ নম্বরে বিচারপতি সাহাবুদ্দিন আহমদ পার্কে মার্কিন দূতাবাসের উদ্যোগে আয়োজিত ‘আমেরিকান ফেয়ার ইন দ্য পার্ক’ অনুষ্ঠান ঘুরে দেখে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ব্রেন্ট ক্রিস্টেনসেন।

রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাস কেবল তাদের নিজেদের নয়, এটি বিশ্বের অনেক মানুষকে অনুপ্রাণিত করেছে। বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামও সেই ধারার অনুপ্রেরণার অংশ।

রাষ্ট্রদূত আরও বলেন, ২৫০ বছর আগে যুক্তরাষ্ট্রের ৫৬ জন প্রতিষ্ঠাতা স্বাধীনতা ও আত্মশাসনের জন্য সবকিছু ঝুঁকির মধ্যে ফেলেছিলেন। সেই আত্মত্যাগ ও মূল্যবোধের ইতিহাস এখন বাংলাদেশের মানুষের সঙ্গে আরও বেশি ভাগ করে নিতে চায় যুক্তরাষ্ট্র।

ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, ‘আমরা চাই, আমাদের ইতিহাস, আদর্শ ও মূল্যবোধ বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে দিতে। একই সঙ্গে বাংলাদেশের মানুষ ও সংস্কৃতিকে আরও ভালোভাবে জানতে চাই।’

‘আমেরিকা সপ্তাহ’ উপলক্ষে মার্কিন দূতাবাসের চট্টগ্রামের কর্মসূচির কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ঢাকা পর্ব শেষে তিনি রাজশাহী ও সিলেটে যাবেন। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ ও বোঝাপড়া বাড়বে বলে আশা করেন তিনি।

রাষ্ট্রদূত বলেন, এই আয়োজনের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ভালোভাবে বুঝতে চায়, আর বাংলাদেশও যেন যুক্তরাষ্ট্রকে আরও কাছ থেকে জানতে পারে—সেই সুযোগ তৈরি করাই তাঁদের লক্ষ্য।

পূর্ববর্তী নিবন্ধ৫ আগস্টেই আ. লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
পরবর্তী নিবন্ধইসলামিক ব্যাংকগুলোর শরিয়াহ কাউন্সিলকে আরো কার্যকর ভূমিকা রাখতে হবে : গভর্নর