দিল্লি পৌঁছেছেন খলিলুর রহমান, অংশীদারত্ব জোরদারের বার্তা

নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ভারতের রাজধানী দি‌ল্লিতে পৌঁছেছেন।

মঙ্গলবার (৭ এ‌প্রিল) বিকেলে দিল্লির উদ্দেশ্যে তারা ঢাকা ত্যাগ করেন। এরই মধ্যে তাদের দি‌ল্লি পৌঁছানোর তথ‌্য নি‌শ্চিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আজ নয়াদিল্লিতে পৌঁছালে তাকে উষ্ণ অভ‌্যর্থনা জানানো হয়।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাংলাদেশ–মিয়ানমার শাখার দায়িত্বে থাকা যুগ্মসচিব বি শ্যাম খলিলুর রহমান ও হুমায়ুন কবিরকে স্বাগত জানান।

বার্তায় বলা হয়, ভারত ও বাংলাদেশের মধ্যে উষ্ণ এবং ঐতিহাসিক সম্পর্ক রয়েছে, যার শ‌ক্তি দুই দেশের মানুষের সম্পর্কের মধ্যে নিহিত। এই সফর ভারত-বাংলাদেশ অংশীদারত্বকে আরও জোরদার করবে।

সফরসূচি অনুযায়ী, বুধবার (৮ এপ্রিল) খ‌লিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তি‌নি ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাসবিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরি এবং ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েলের সঙ্গে সাক্ষাৎ করবেন।

সংশ্লিষ্ট বৈঠকগুলোতে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। এক্ষেত্রে আলোচনার টেবিলে থাকবে ব্যবসা-বাণিজ্য, ট্রান্সশিপমেন্ট সুবিধা পুনরায় চালু, জ্বালানি নিরাপত্তা, গঙ্গার পানি চুক্তির নবায়ন, সীমান্ত হত্যা বন্ধ, বাংলাদেশি নাগরিকদের জন্য সব ধরনের ভারতীয় ভিসা চালু করা, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দেশে প্রত্যর্পণ, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দেশটিতে পলাতক মানবতাবিরোধী অভিযোগে সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরানো, শীর্ষ নেতাদের সফর বিনিময়সহ জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতায় ভারতের সমর্থন।

পূর্ববর্তী নিবন্ধসংসদে আরও ৮ বিল পাশ
পরবর্তী নিবন্ধবর্বরতার বিরুদ্ধে বিশ্বাসের জয় হবে: ইরান