নিজস্ব প্রতিবেদক
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ ৬ বিভাগে আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (১৩ জুলাই) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার (১৩ জুলাই) বেলা ১১টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪-৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৮ মিলিমিটারের বেশি/২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে ঢাকা মহানগরীর কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।
এ অবস্থায় সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


