ঢাকায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা, বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ পুলিশের

নিউজ ডেস্ক

গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতের কারণে রাজধানীর বিভিন্ন সড়কের নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকাল থেকেও বৃষ্টিপাত অব্যাহত থাকায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ধীরগতির হয়ে পড়েছে। সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার এবং হাতে পর্যাপ্ত সময় নিয়ে চলাচলে অনুরোধ জানানো হয়েছে।

গুলশান ট্রাফিক বিভাগ এক বার্তায় জানিয়েছে, বনানী কবরস্থানের পর ঢাকা গেট সংলগ্ন মূল সড়কের ইনকামিং ও আউটগোয়িং উভয় লেনে পানি জমে যান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া বনানী-কাকলী এলিভেটেড এক্সপ্রেসওয়ের র‌্যাম্পের নামার অংশেও হালকা জলাবদ্ধতার কারণে যানবাহন ধীরগতিতে চলাচল করছে।

অন্যদিকে, ইসিবি এলাকায় ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের সামনে পানি জমে থাকায় মিরপুর ডিওএইচএস ও কালশি থেকে ইসিবি হয়ে মাটিকাটা ফ্লাইওভারের দিকে চলাচলকারী যানবাহনের গতি কমে গেছে।

এছাড়া যমুনা ফিউচার পার্কের সামনের সড়কে বৃষ্টির পানি জমে থাকা এবং ঢাকা ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ চলমান থাকায় ওই এলাকাতেও যান চলাচলে ধীরগতি দেখা দিয়েছে।

ট্রাফিক পুলিশ জানায়, বৃষ্টিপাত অব্যাহত থাকলে উল্লিখিত সড়কগুলোতে জলাবদ্ধতার কারণে যানজট আরও বাড়তে পারে। তাই সম্ভব হলে বিকল্প সড়ক ব্যবহার এবং গন্তব্যে পৌঁছাতে পর্যাপ্ত সময় হাতে নিয়ে বের হওয়ার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর উপস্থিতিতে একযোগে আড়াই হাজার গাছের চারা রোপণ
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন মুকসুদপুরের হাজারো নেতাকর্মী