ডাকসুতে জিন্নাহর ছবি ছিঁড়ে ফেললেন ঢাবি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে তিনটি ছবি ছিঁড়ে ফেলেছেন বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এ ঘটনায় সংগ্রহশালায় জিন্নাহর ছবি রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ডাকসু সংগ্রহশালায় গিয়ে ছবিগুলো ছিঁড়ে ফেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আবু তৈয়ব হাবিলদার। তিনি ২০২৫ সালের ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

ছবি ছিঁড়ে ফেলার সময় আবু তৈয়ব বলেন, ‘এ দেশের ভাষা আন্দোলনের আসল নায়কদের বাদ দিয়ে পাকিস্তানের জাঁদরেল জিন্নাহর ছবি কেন ডাকসু রেখেছে, তার জন্য প্রশাসন ও ডাকসুর নেতাদের জবাব দিতে হবে। যে জিন্নাহ আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, সে জিন্নাহকে কীভাবে এখানে রাখা হয়?’

তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ—সব জায়গায় রক্ত দিয়েছে। এখানে ভাষা আন্দোলনের নায়ক আবুল কাসেমের ছবি থাকতে হবে। এখানে শেখ মুজিবুর রহমান, মাওলানা আবদুর রশীদ তর্কবাগীশের ছবিও থাকতে হবে।’

আবু তৈয়ব আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সঙ্গে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সম্পর্ক অত্যন্ত গভীর। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকরা বিভিন্ন আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফলে সংগ্রহশালায় কোন ব্যক্তির ছবি কীভাবে এবং কোন প্রেক্ষাপটে প্রদর্শন করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

সংস্কার শেষে উদ্বোধন ডাকসুর সংগ্রহশালা, থাকছে ইতিহাসের দুর্লভ স্মৃতি
তিনি ডাকসুর বর্তমান নেতৃত্বের সমালোচনা করে বলেন, ইতিহাস ও মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক কোনো উপাদান সংগ্রহশালায় রাখা হলে তার ব্যাখ্যা দিতে হবে। তার ভাষ্য, জিন্নাহর ছবি প্রদর্শনের মাধ্যমে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে সাংঘর্ষিক একটি বার্তা দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধহাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
পরবর্তী নিবন্ধসাত ধাপে ইউপি নির্বাচন, ভোট শুরু ১২ নভেম্বর