ট্রাম্পের ৩২ দিনের নির্বাচনি প্রচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক

রেকর্ড কম জনসমর্থনের মধ্যেই ভোটের মাঠে ফিরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে ৩২ দিনের প্রচার শুরু করেছেন তিনি।

তবে, ইরান যুদ্ধ ও অর্থনীতি নিয়ে তার নীতির প্রভাব এবার নির্বাচনে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) ওয়াশিংটন ডিসি থেকে টেক্সাস ও ওকলাহোমায় গিয়ে পরপর দুটি সমাবেশে যোগ দেন ট্রাম্প। টেক্সাসের ডেন্টনে প্রথম সমাবেশে তার প্রশাসনের কাজের প্রশংসা করেন তিনি।

সরকার পরিচালনা ও অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে নিজের প্রশাসনের কাজকে তিনি খুব ভালো বলে উল্লেখ করেন। একই সঙ্গে, নিজের জনপ্রিয়তা কমে যাওয়ার জন্য গণমাধ্যমের নেতিবাচক প্রচারকে দায়ী করেন তিনি।

তবে, আগামী তিন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন নিয়ে রিপাবলিকানদের মধ্যে উদ্বেগ রয়েছে। এবার প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের পাশাপাশি সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতেও নির্বাচন হবে।

রিপাবলিকানরা যদি প্রতিনিধি পরিষদ বা সিনেটের যে কোনো একটির নিয়ন্ত্রণ হারান, তাহলে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শেষ দুই বছরে তার আইন প্রণয়নের পরিকল্পনা বাধাগ্রস্ত হতে পারে।

নির্বাচনে অর্থনীতি ও ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত বৃহস্পতিবার প্রকাশিত অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) ও ন্যাশনাল ওপিনিয়ন রিসার্চ সেন্টারের জরিপে দেখা গেছে, ইরানের সঙ্গে যুদ্ধের বিষয়ে ট্রাম্পের নেওয়া পদক্ষেপকে ৭১ শতাংশ মার্কিন নাগরিক সমর্থন করেন না।

পূর্ববর্তী নিবন্ধবাংলামোটরে গুলি ছোড়ার অভিযোগে যুবদলের বহিষ্কৃত নেতা সাইমনসহ আটক ৪
পরবর্তী নিবন্ধশিমের কেজি ২০০, ব্রয়লার ১৮০ টাকা