নুর উদ্দিন, সুনামগঞ্জ :

সুনামগঞ্জের ছাতক বাজারের মাছবাজার, কলাহাটা, নৌকাঘাট, অস্বাস্থ্যকর পাবলিক টয়লেট এর আশপাশ এলাকা যেন ময়লার ডিপো। ময়লার তিব্র দূর্গন্ধে পরিবেশ রিতিমত নাকাল। শিল্পনগরী খ্যাত ছাতক পৌরশহরের জনগুরুত্বপূর্ণ এই এলাকায় ময়লা আর দূর্গন্ধে অতিষ্ঠ জনসাধারণ।
এ যেন দেখার কেউ নেই। জানাযায়, উপজেলার ইসলামপুর ইউনিয়ন কাজিরগাঁও, বনগাঁও, লুভিয়া, শারফিন নগর এবং দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর, নরসিংপুর, নাছিমপুর, পূর্ব সোনাপুর সহ সীমান্তবর্তী অঞ্চলের কয়েকটি গ্রাম থেকে প্রতিদিন শত শত মানুষ মাছ বাজারের পাশের সুরমা নদীর ঘাট ব্যবহার করে নৌকায় যাতায়াত করেন।
নারী, শিশু ও বয়স্কদের জন্য এ নৌকা ঘাটটি নিরাপদে যাতায়াতের একমাত্র নৌ-পথ। জনগুরুত্বপূর্ণ এ নৌকা ঘাটটি অপরিচ্ছন্ন এবং ব্যবহারে অনুপযোগি। দীর্ঘদিন ধরে নৌঘাটটির রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে নানা অভিযোগ রয়েছে।

বিশেষ করে ঘাটের পাশের পাবলিক টয়লেটটিও অপরিচ্ছন্ন এবং জনসাধারণের ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে। পাবলিক টয়লেটের আশপাশে ব্যবসায়ীরা ময়লা ফেলায় এবং মানুষজনের প্রকাশ্যে প্রস্রাব করার কারণে এখানে তীব্র দূর্গন্ধের সৃষ্টি হচ্ছে।
ফলে ঘাটে চলাচলকারী মানুষকে চরম দূর্ভোগের পাশাপাশি একটি অস্বাস্থ্যকর ও দৃষ্টিকটু পরিবেশের মুখোমুখি হতে হচ্ছে নারী ও শিশুদের। প্রকাশ্যে প্রস্রাবের বিষয়টি বিব্রতকর ও অস্বস্তিকর। একটি গুরুত্বপূর্ণ নৌকা ঘাটের পাশে এ ধরনের অস্বাস্থ্যকর পরিবেশ কোনভাবেই কাম্য নয় বলে মন্তব্য অনেকের।
এদিকে, কলাহাটা, মাছবাজার, নৌকা ঘাটের বিদ্যমান পাবলিক টয়লেট দ্রুত সংস্কার, আধুনিকায়ন করে ব্যবহার উপযোগী, প্রয়োজন অনুযায়ী পর্যাপ্ত পাবলিক টয়লেটের ব্যবস্থা, টয়লেটের পাশে প্রকাশ্যে প্রস্রাব বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহন, ঘাটের আশপাশে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জীবাণুমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা সহ নারী ও শিশুদের কথা বিবেচনা নিয়ে ঘাটে একটি স্বাস্থ্যকর, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় সচেতন মহল।
ছাতক উপজেলা প্রেসক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি কাজি রেজাউল করিম রেজা, প্রতিষ্ঠাতা সদস্য সচিব মো. খালেদ মিয়া, মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক শাখার সভাপতি মুশাহিদ আলী ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম চৌধুরী এ বিষয়ে বলেন, ছাতক পৌর সভাটি প্রথম শ্রেনির অন্তর্ভুক্ত। এ শহরের কলাহাটা, নৌকা ঘাট, মাছবাজার শুধু একটি যাতায়াতের স্থান নয়, এটি শহরের গুরুত্বপূর্ণ বানিজ্যিক এলাকা। প্রতিদিন শত শত মানুষের প্রয়োজনের সাথে এই এলাকায় যাতায়াত করতে হয়।
সাংবাদিক নেতারা মানুষের দূর্ভোগ ও দুর্গন্ধময় পরিবেশ থেকে মুক্তি দিতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান।উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, ময়লা আবর্জনা দূর করতে বাজারের ব্যবসায়ীদের সাথে বসে আলোচনা করে ঘাটের পরিবেশ সুন্দর করার জন্য উদ্যোগ নেব। পাশাপাশি পাবলিক টয়লেটটি জনসাধারণের জন্য ব্যবহার উপযোগী করতে শিগগিরই ব্যবস্থা গ্রহন করা হবে।


