স্পোর্টস ডেস্ক : ইংলিশ ফুটবল ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচকে বিষ প্রয়োগ করে হত্যার চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি একা নন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দুই মধ্যস্থতাকারীও আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। চলতি মাসের গোড়ার দিকে এই ঘটনা ঘটে। এখন প্রকাশ্যে এসেছে এই খবর।
ওয়াল স্ট্রিট জার্নালের খবর অনুযায়ী, এই মাসের শুরুতে কিয়েভে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি ফেরাতে একটি বৈঠকে যোগ দিয়েছিলেন আব্রামোভিচ। এরপরই তার শরীরে বিষক্রিয়ার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে।
একাধিক লক্ষণ দেখা দিয়েছে শরীরে। জানা গেছে, আব্রামোভিচ এবং দুই রাশিয়া-ইউক্রেন মধ্যস্থতাকারীর চোখ লাল হয়ে যাচ্ছিল। মুখ ও হাতের ছাল-চামড়া উঠতে শুরু করে। শরীরের একাধিক অঙ্গে অসহ্য যন্ত্রণাও হয়। যদিও বর্তমানে তাদের শারীরিক অবস্থার অনেকটাই উন্নতি হয়েছে। আপাতত তারা বিপদমুক্ত বলে জানা গেছে।
ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত খবর বলছে, অনেকের দাবি শান্তি বৈঠক ভঙ্গ করতেই হয়তো ইচ্ছাকৃতভাবে এই আক্রমণ করা হয়েছিল। কিন্তু এই সমস্ত উপসর্গ কোনো কেমিক্যাল শরীরে প্রবেশ করায় হয়েছে নাকি ইলেক্ট্রোম্যাগনেটিক-রেডিয়েশনের প্রভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
প্রায় এক মাসের বেশি সময় ধরে রুশ বাহিনী হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেনের ওপর। যার প্রভাব পড়েছে খেলার দুনিয়াতেও। যুদ্ধের জেরে প্রবল চাপে পড়তে হয়েছিল চেলসির রুশ মালিককে।
ব্রিটেন সরকার তার ওপর নিষেধাজ্ঞা জারি করে। যার ফলশ্রুতিতে চেলসি ফুটবল ক্লাবের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন আব্রামোভিচ। এমন নানা ঘটনার মধ্যে বিষক্রিয়ার খবর সামনে আসায়, বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।


