গাজীপুর প্রতিনিধি
ঈদের ছুটিতে গাজীপুর ছাড়ছেন লাখ লাখ কর্মজীবী মানুষ। এ জেলার ৪০ ভাগ পোশাক কারখানা প্রথম ধাপে ছুটি হয়েছে আজ। দিনভর উত্তরাঞ্চলের প্রবেশ ধার চন্দ্রা ত্রীমোড় এলাকায় ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। এর ফলে চন্দ্রা বাস স্টেশনে তীব্র যানবাহনের চাপ সৃষ্টি হয়। তবে রাতে যাত্রীদের চাপ কমলেও চন্দ্রা ত্রীমোড় থেকে গাজীপুরগামী ও নবীনগরগামী সড়কের ১০ কিলোমিটার জুড়ে যানজট রয়েছে।
সোমবার (২৫ মে) রাত সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, গাজীপুরের চন্দ্রা ত্রীমোড় এলাকায় তীব্র গণপরিবহনের দীর্ঘ সারি। বিভিন্ন স্থানে সড়কের ওপর গাড়ি থামিয়ে যাত্রীর অপেক্ষায় পরিবহণ চালকরা। এতে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে ধীরে ধীরে যাজনটে রূপ নিয়েছে। যদিও দিনের তুলনায় রাতে যাত্রীর চাপ কিছুটা কমেছে। তবে উত্তরবঙ্গগামী সড়কে বেপরোয়া যানবাহনের কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক দোকানপাড় এলাকা থেকে চন্দ্রা পর্যন্ত ও নবীনগর-চন্দ্রা সড়কের বাড়ইপাড়া থেকে চন্দ্রা বাস স্টেশন পর্যন্ত ১০ কিলোমিটার অংশ জুড়ে যানজট লেগে আছে।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনী বলছেন, ঈদের ছুটি এ জেলা থেকে কয়েক লাখ মানুষ চন্দ্রা হয়ে উত্তরাঞ্চলে প্রবেশ করবে। যাত্রী ও যানবাহনের চাপের কারণে এ এলাকায় যানজট সৃষ্টি হয়ে থাকে। তবে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ, ট্রাফিক পুলিশ ও বিজিবির পাশাপাশি স্বেচ্ছাসেবকরা কাজ করছেন।
চন্দ্রার উড়াল সড়কে দাঁড়িয়ে থাকা হানিফ পরিবহণ বাসের চালক রুবেল মিয়া ঢাকা পোস্টকে বলেন, আমরা সরাসরি ঢাকা থেকে যাত্রী নিয়ে এসেছি। চন্দ্রা এলাকায় আমাদের দাঁড়ানোর প্রয়োজন নেই। কিন্তু কয়েক কিলোমিটার অংশে যানজট থাকায় ভোগান্তিতে পড়েছি।
নুরুল ইসলাম নামে এক মাইক্রো বাসের চালক বলেন, চন্দ্রা পার হতে পারলে আর কোনো যানজট নেই। আবার ঢাকা থেকে চন্দ্রার ১০ কিলোমিটার আগ পর্যন্ত কোনো যানজট নেই। শুধু চন্দ্রা পার হতেই এক থেকে দেড় ঘণ্টা লেগে যায়। সেখানে সরাসরি লাইনে কোনো ট্রাফিক ব্যবস্থাপনা নেই। যে যার মতো গাড়ি থামিয়ে দাঁড়িয়ে আছে।
এ বিষয়ে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাউগাতুল আলম জানান, আমরা দুই শতাধিক পুলিশ সদস্য সড়কের যানজট নিরসনে মোতায়েন করেছি। তারা নিরলসভাবে কাজ করছে। যদি সড়কের অবকাঠামোগত কোনো সমস্যা থাকে সেটির বিষয় আমাদের দেখার কথা না। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি।


