দেলোয়ার হোসেন, স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জের মুকসুদপুরে মাছবাহী পিকআপের চাপায় অটোভ্যানের যাত্রী বাবা ও তাঁর ছয় বছর
বয়সী মেয়ে নিহত হয়েছেন। নিহতরা হলেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পবন বেগ গ্রামের
হেমায়েত মোল্লার ছেলে সাইফুল ইসলাম রঞ্জু (৪৫) ও তাঁর মেয়ে সামিরা আক্তার (৬)।
রোববার (২৫অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গ্যাড়াখোলা ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জগামী মাছবাহী একটি পিকআপ (খুলনা মেট্রো-ন-১১- ২৫৬৫) মুকসুদপুরগামী একটি অটোভ্যানকে চাপা দিয়ে চলে যায়।
এতে বাবা ও মেয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


