নিজস্ব প্রতিবেদক
এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুই হাজার ২৪৯ জন। রোববার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু-সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ চারজন ও নারী তিনজন। তাদের মধ্যে দুজনের বয়স ৫ বছরের মধ্যে এবং বাকিরা প্রাপ্তবয়স্ক।নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি বেশি ঢাকা বিভাগে, যার সংখ্যা ৬০৫ জন। এছাড়া খুলনায় ২৯৭, ঢাকা উত্তর সিটিতে ২২৭, রাজশাহীতে ২২৪, চট্টগ্রামে ২১৭, বরিশালে ২১১, ঢাকা দক্ষিণ সিটিতে ২০১, ময়মনসিংহে ১৫৫, রংপুরে ৮২ ও সিলেটে ৩০ জন ভর্তি হয়েছেন।
জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে ৩৮৪ জন মারা গেছেন। এই সময়ে মোট আক্রান্ত হয়েছেন এক লাখ ২৩ হাজার ৯৪৮ জন।মোট মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৩৮৪ জনের মধ্যে নারী ৫২ দশমিক ৮ শতাংশ এবং পুরুষ ৪৭ দশমিক ২ শতাংশ।মাসের হিসাব অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে এক ও জুনে ১৩ জন প্রাণ হারান।
এরপর পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যান। সেই তুলনায় সেপ্টেম্বরে অবস্থার আরও অবনতি ঘটে। প্রাণহানি হয় ১৪৮ জনের। আর চলতি অক্টোবরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩৯ জনের।
ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ১০৯, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ৫০ ও সিটি করপোরেশনের বাইরে ২৪ জন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে খুলনায় ৬৮, চট্টগ্রামে ৩৭, বরিশালে ২৮, ময়মনসিংহে ৩৩, রাজশাহীতে ২৫, রংপুরে সাত ও সিলেটে চারজন মারা গেছেন।


