আন্তর্জাতিক ডেস্ক
রাতের আঁধারে ঘর ছাড়ার নির্দেশ, চারদিকে অবরোধ, বাইরে যাওয়ার পথও বন্ধ। হঠাৎ এমন পরিস্থিতিতে দিশাহারা হয়ে পড়েছেন অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের বাসিন্দারা।নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন অনেকে। ইসরায়েলি বাহিনীর অভিযান ও অবরোধে এ পর্যন্ত প্রায় ২ হাজার ২০০ ফিলিস্তিনি ঘরছাড়া হয়েছেন।
গত শনিবার (২৪ অক্টোবর) আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরের অন্তত ১৫টি এলাকায় অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব অভিযানে প্রায় ৭০ জন ফিলিস্তিনিকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি।
এদিকে, হেবরনের মেয়র ইউসুফ আল জাবারি জানিয়েছেন, ইসরায়েলি বাহিনীর অভিযান ও অবরোধে শহরটির প্রায় ২ হাজার ২০০ বাসিন্দা ঘরছাড়া হয়েছেন।বাসিন্দাদের অভিযোগ, গভীর রাতে মাইকে ঘোষণা দিয়ে বাড়িঘর ছাড়ার নির্দেশ দেওয়া হয়। ফলে প্রস্তুতি নেওয়ার সময় পাননি তারা।
অন্যদিকে, শহরে প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ থাকায় ঘরছাড়া বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়াও কঠিন হয়ে পড়েছে। এতে তাদের দুর্ভোগ ও আতঙ্ক আরও বেড়েছে।গত শুক্রবার হেবরনের কাছে ইসরায়েলি সেনাদের একটি রিজার্ভ ঘাঁটিতে দুই ফিলিস্তিনি বন্দুকধারীর হামলায় দুই ইসরায়েলি সেনা নিহত হন।


