ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দেননি ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে দীর্ঘদিনের মিত্রতার সম্পর্ক হলেও আসন্ন নির্বাচনে তার প্রতি সরাসরি সমর্থন জানাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বরং বিরোধী দলের নেতা ও দেশটির সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকোট সম্পর্কেও ইতিবাচক মন্তব্য করেছেন তিনি।

গত বৃহস্পতিবার (১ অক্টোবর) টাইম সাময়িকীতে প্রকাশিত এক সাক্ষাৎকারে এসব কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী ২৭ অক্টোবর ইসরায়েলে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এ নির্বাচনে নেতানিয়াহুর আবারও প্রধানমন্ত্রী হওয়া উচিত কি না, জানতে চাওয়া হলে তাকে সরাসরি সমর্থন জানাননি ট্রাম্প। বরং তিনি বলেন, ইসরায়েলকে প্রতিরক্ষায় সহায়তা করাই তার প্রধান লক্ষ্য। তবে, ইসরায়েলিদের মধ্যে তার জনপ্রিয়তা অনেক বেশি বলেও দাবি করেন তিনি।

সাক্ষাৎকারে বিরোধী নেতা গাদি আইজেনকোটের সঙ্গে যুক্তরাষ্ট্রের কাজ করার সম্ভাবনা নিয়েও ট্রাম্পকে প্রশ্ন করা হয়। জবাবে তিনি বলেন, আইজেনকোট সম্পর্কে তিনি খারাপ কিছু শোনেননি।

তবে, নেতানিয়াহুকে হালকাভাবে না দেখার কথাও বলেন ট্রাম্প। তিনি বলেন, এর আগে অনেকেই নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ শেষ বলে ধরে নিয়েছিলেন। কিন্তু, তিনি বারবার ঘুরে দাঁড়িয়েছেন।

এদিকে, ইরানের সঙ্গে যুদ্ধ এবং লেবানন ও গাজায় ইসরায়েলের অব্যাহত হামলাকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্কে কিছুটা টানাপোড়েন তৈরি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধফ্লাইদুবাই বিমানে হামলা: ইরানের দিকে ট্রাম্পের ইঙ্গিত
পরবর্তী নিবন্ধরাশিয়া থেকে রূপপুরের ইউরেনিয়াম আসছে আজ